ঢাকার পল্লবীতে যু্বকের গলাকাটা লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা
পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় হাতে লেখা একটি ‘চিরকুট’ পাওয়া গেছে, যাতে ‘আত্মহত্যার’ কথা বলা হয়েছে।
ঢাকার মিরপুরের পল্লবী থানা এলাকায় এক যুবকের গলকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ২ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ওই লাশ উদ্ধারের কথা জানান পল্লবী থানার ওসি ওসি পারভেজ ইসলাম।
নিহতের নাম রেশাদ আকবর প্রত্যয় (৩৩)। যশোরের এই যুবক একটি বায়িং হাউজে চাকরি করতেন।
ওসি জানান, লাশ উদ্ধারের সময় হাতে লেখা একটি ‘চিরকুট’ পাওয়া গেছে, যাতে ‘আত্মহত্যার’ কথা বলা হয়েছে।
“ডাইনিং এর জায়গায় আয়না দেখে বটি দিয়ে সে গলা কেটে আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তারপরেও তদন্ত হচ্ছে।”
পুলিশ জানায়, তৃতীয় তলার ফ্ল্যাটটিতে ছয়জন মেসের মতো করে থাকেন। ঘটনার সময় প্রত্যয়সহ তিনজন ছিলেন। দুইজন রুমে ঘুমাচ্ছিলেন।
ওসি পারভেজ বলেন, “প্রত্যয় নিজের গলা কাটার পর গোঙানির শব্দ শুনে দুইজন বের হয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে বটি ছিল।”
নিহতের স্বজনদের বরাতে তিনি বলেন, “রাশিয়ায় লেখাপড়া করে দেশে ফিরে কোনো স্থায়ী চাকরি করতে না পাওয়ায় হতাশা কাজ করছিল তার মধ্যে। এছাড়া প্রায় তিন বছর আগে বিয়ে হলেও তা বেশি দিন টিকেনি। মানসিক সমস্যার কারণে প্রত্যয় যশোরের উত্তরা ক্লিনিকে চিকিৎসক জিল্লুল কামালের অধীনেও চিকিৎসা নিয়েছেন।
“শুক্রবার রাতে প্রত্যয় তার বাবার সঙ্গে ফোনে শেষ কথা বলেছেন। সেখানে তার বাবাকে সে বলেছে, ‘বাবা তোমাদের জন্য কিছুই করতে পারলাম না’।”
সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
