গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাটে যে ভোগান্তি হল
“ওই সময় রোগীরা যোগাযোগ করতে পারছিল না। আমিও একটা ব্যাপারে একজন ডাক্তারকে কয়েকবার কল দিয়েছি, কিন্তু পাচ্ছিলাম না,” বলছিলেন স্বাস্থ্যকর্মী ববি রানী।
নেটওয়ার্ক না পেয়ে সংবাদকর্মী মাহমুদুল হাসান পারভেজ শুরুতে ভাবছিলেন হ্যান্ডসেটে হয়ত কোনো সমস্যা। ৪-৫ বার রিস্টার্ট দিয়েও যখন দেখেন- কল আর ইন্টারনেট সংযোগ নেই। তখন ভাবলেন, ফোনের সিম স্লট নষ্ট হয়ে গেছে বোধ হয়।
পরে সংবাদমাধ্যমের খবরে পারভেজ জানতে পারেন গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের কথা।
এমন জটিলতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে ফেইসবুকে পারভেজ লিখেছেন, “এখন শুনছি গ্রামীণের অন্য কাহিনী। প্রবল ইচ্ছা থাকার পরও গ্রামীণ সিম আজও বুড়িগঙ্গায় ফেলতে পারলাম না।”
বৃহস্পতিবার দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রায় তিন ঘণ্টার নেটওয়ার্ক বিভ্রাটে পারভেজের মতো অন্য গ্রাহকরাও পড়েন ভোগান্তিতে।
ফাইবার অপটিক কেবল কাটা পড়ার কারণে বেলা পৌনে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না।
কথা বলার পাশাপাশি ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছিল না। জরুরি যোগাযোগ করতে না পেরে এ সময়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
তবে ৮ কোটি গ্রাহকের সবাই এমন বিপর্যয়ের মুখে পড়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে পারেনি গ্রামীণফোন। ‘অনেক গ্রাহক’ সমস্যার বাইরে ছিলেন বলে ধারণা দিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, কত সংখ্যক গ্রাহক সেবা পাননি, সে বিষয়ে তারা এখনও তথ্য জোগাড় করতে পারেননি।
দুই ঘণ্টার এই বিভ্রাটের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়ায় গ্রামীণফোনের কাছে ব্যাখ্যা চেয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অপারেটরটির তরফে জানানো হয়, সড়কে কাটা পড়া দুটি ফাইবার কেবল জোড়া দেওয়া হয়েছে। রেললাইনে কাটা পড়া অন্যটি সংযোগে আনতে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের হেড অব নেটওয়ার্ক সার্ভিস এ কে এম আল আমিন জানান, ঢাকা থেকে গাজীপুর সড়কে, এলেঙ্গা থেকে জামালপুর সড়কের মধ্যে এবং টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ রেলপথে কেবল তিনটি কাটা পড়ে, যেগুলোর তিনটিই ‘ব্যাকবোন ফাইবার কেবল’।
তিন জায়গায় একসঙ্গে তিন ফাইবার কেবল কাটা পড়ার ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলছেন গ্রামীণফোনের কর্মকর্তারা। এটা নাশকতা কি না- জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, “এটা স্যাবোটাজ কি না এটা আমাদের পক্ষে এখন বলাও সম্ভব না। কারণ সব জায়গায় আমাদের ক্যামেরা থাকে না। ধারণার ওপর এ রকম মন্তব্য করা ঠিক না।”
নেটওয়ার্ক বিভ্রাটে ভোগান্তিতে পড়ে অনেকেই সামাজিক যোগোযোগ মাধ্যমে অভিযোগ জানাতে থাকেন। কানিজ ফাতেমা নামে একজন ফেইসবুকে লেখেন, নেটওয়ার্ক না থাকায় তিনি কথাই বলতে পারছেন না।
কাওসার শাকিল নামে একজন লিখেছেন, “জিপি ইজ গন।”
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কাজী মাহমুদুর রহমানও শুরুতে ভেবেছিলেন তার মোবাইলে কোনো জটিলতার কারণে হয়ত কাউকে কল করতে পারছেন না। দাপ্তরিক ও ব্যক্তিগত সব কাজই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।
মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রথমদিকে বুঝতেই পারেননি মোবাইল নেটওয়ার্ক নাই।
“কাউকে ফোন করলে কল যায় না। ফলে চার-পাঁচ বার রিস্টার্ট দিয়েছি। পরে দেখি নেটওয়ার্ক নাই। ওই সময়টা জরুরি অনেক কাজ করতে পারিনি, ইন্টারনেটও ব্যবহার করা যায়নি। অফিসের এবং ব্যক্তিগত-দুই ধরনের কাজই হ্যাম্পার হয়েছে। একটা হ-য-ব-র-ল অবস্থায় ছিলাম ওই সময়টায়।”
ঢাকার স্কুলগুলোতে প্রভাতি শাখার ক্লাসগুলো সাধারণত শেষ হয়ে থাকে ১০টা থেকে ১২টার মধ্যে। ওই সময়ে নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে ছেলে-মেয়েদের বাসায় ফেরাতে কিছু জটিলতার মুখে পড়ার কথা জানিয়েছেন অভিভাবকরা।
ঢাকার মোহাম্মদপুর এলাকার স্কুলের এক অভিভাবক জানিয়েছেন, স্কুলশেষে বাচ্চাকে নিতে গিয়ে তারা সাধারণত মোবাইল ফোনে যোগাযোগ করে থাকেন।
“কিন্তু আজকে সেক্ষেত্রে জটিলতায় পড়তে হয়। আজ আমার বাচ্চাকে রিসিভ করতে আধ ঘণ্টার মতো সময় বেশি লেগেছে।”
নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালের হটলাইন নম্বরটি গ্রামীণফোনের। সেই হাসপাতালের অভ্যর্থনাকর্মী ববি রানী দাস বলেন, “হটলাইন নম্বরের মাধ্যমে বেশিরভাগ যোগাযোগ হয় আমাদের। ওই সময়ে ফোন করে কেউ আমাদের পাচ্ছিলেন না।
“ওই সময় রোগীরা যোগাযোগ করতে পারছিল না। আমিও একটা ব্যাপারে একজন ডাক্তারকে কয়েকবার কল দিয়েছি, কিন্তু পাচ্ছিলাম না।”
নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে মোবাইলের আর্থিক সেবার (এমএফএস) লেনদেন বাধাগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন গ্রাহক ও এজেন্টরা।
বিকাশ, নগদ ও রকেটের মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর গ্রামীণফোনের সিম ব্যবহারকারী গ্রাহকরা নেটওয়ার্ক বিপর্যয় থাকাকালীন সময়ে লেনদেন করতে পারেননি।
যাত্রাবাড়ী এলাকার রিচার্জ ও এমএফএসের এজেন্ট নিউ সেবা টেলিকমের স্বত্বাধিকারী আলাউদ্দিন জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুতের প্রিপেইড-মিটারের কার্ড রিচার্জ করতে পিডিবির দেওয়া মেশিন গ্রামীণ ফোনের নেট দিয়ে চলে। যতোক্ষণ নেটওয়ার্ক ছিল না, ততোক্ষণ কোনো কার্ড রিচার্জ করতে পারিনি। গ্রাহকদের ফেরত দিয়েছি।
“এ সময় রিচার্জ কার্ড, ফ্লেক্সিলোডসহ কোনো ধরনের টাকা পাঠানো ও উত্তোলন করতে পারিনি। নেটওয়ার্ক আসার পর তা ঠিক হয়। কয়েক ঘণ্টার কোনো ব্যবসাই করতে পারিনি।”
বিকাশের জনসংযোগ কর্মকর্তা শামসুদ্দিন হায়দার ডালিম এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেটওয়ার্ক বিপর্যয় হওয়ায় মোবাইল নেটওয়ার্ক দিয়ে পরিচালিত সব ধরনের সেবার মতো বিকাশের লেনদেনও সাময়িকভাবে এফেক্টেড (ক্ষতিগ্রস্ত) হয়েছে।
“লেনদেন করতে না পারায় গ্রাহকরা ফোন দিয়ে জানতে চেয়েছেন সমস্যা কোথায় হয়েছে। আমরা গ্রাহকদের জানিয়েছি-সমস্যা আমাদের নয়।”
গ্রামীণফোনের ইন্টারনেট পরিষেবা নেওয়া রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সেবা সচল ছিল। অভ্যন্তরীণ লেনদেনেও কোনো ধরনের সমস্যা হয়নি ব্যাংকের।
“মোবাইল নেটওয়ার্ক না থাকায় অফিসের যোগাযোগ সম্পূর্ণ ল্যান্ডফোন দিয়ে সেরে নিতে হয়েছে। অনেক গ্রাহক ফোনে না পেয়ে ল্যান্ডফোনে যোগাযোগ করেছেন যতোক্ষণ নেটওয়ার্ক ছিল না।”
সেবা পরিচালনায় সমস্যা হয়েছে গ্রামীণফোনের ইন্টারনেট পরিষেবা দিয়ে পরিচালিত এটিএম বুথগুলোও। রাজধানীর মতিঝিল এলাকায় কয়েকটি বুথ ঘুরেও টাকা তুলতে না পারার কথা জানিয়েছেন ব্যবসায়ী ওয়াহেদ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি বুথে গিয়ে টাকা তুলতে পারিনি। সবগুলোই দেখিয়েছে নো-নেটওয়ার্ক। বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরাও আমাকে বলেছে টাকা আছে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তোলা যাচ্ছে না।”
লেনদেনের গুরুত্বপূর্ণ সময়ে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের মধ্যেও মোবাইলে শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা।
ডিএসই’র জনসংযোগ বিভাগের প্রধান উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের ৫ শতাংশ হয়েছে মোবাইলে ট্রেড। গতকাল বুধবার যা ছিল সাড়ে ৪ শতাংশ।”
ডিএসই’র তথ্য বলছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২ কোটি ৯৯ লাখ টাকা। আর বুধবার লেনদেন ছিল ২৫৭ কোটি ৬৩ লাখ টাকা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম, মাসুম বিল্লাহ ও নিজস্ব প্রতিবেদক শেখ আবু তালেব)
পুরোনো খবর:
