ফরিদপুরে স্ত্রীকে খুন করে ঢাকায় আত্মগোপন, হাবুল ধরা র্যাবের হাতে
পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব।
ফরিদপুরের এনজিওকর্মী রাবেয়া বেগমকে হত্যা করে আত্মগোপনে থাকা তার স্বামী হাবুল বেপারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গত ১১ অগাস্ট রাতে ওই খুনের ঘটনায় সোমবার রাতে ঢাকার তুরাগ এলাকা থেকে হাবুলকে ধরা হয়।
মঙ্গলবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ১৩ অগাস্ট ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালীতে বাড়ির সেপ্টিক ট্যাংক থেকে ৩৮ বছর বয়সী ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব জানতে পারে, নিহত রাবেয়ার স্বামী হাবুল বেপারী (৩৮) ও তার ভগ্নিপতি সূর্য্য মোল্লা ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চলে গেছেন।
র্যাব কর্মকর্তা মঈন বলেন, “পরে তাদের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে হাবুল বেপারীর অবস্থান সনাক্ত হলে তাকে সোমবার রাতে তুরাগের কামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। টাকা ও অলংঙ্কার উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব বলছে, হাবুলের সঙ্গে সূর্য্য মোল্লাও হত্যাকাণ্ডে সম্পৃক্ত। হাবুল ও রাবেয়ার দুজনেরই দ্বিতীয় সংসারে ছিলেন। স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে- এমন সন্দেহ করতেন হাবুল। তাছাড়া হাবুলের নিয়মিত কোনো আয় ছিল না। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি- হাতাহাতি হত।
সূর্য্য মোল্লা আবার রাবেয়ার কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেন। এই টাকা পরিশোধের জন্য প্রায়ই চাপ দেওয়ায় তিনি রাবেয়ার উপর বেশ ক্ষিপ্ত ছিল।
“পারিবারিক এসব বিরোধ নিয়ে হাবুল তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। আর রাবেয়ার উপর সূর্য্য মোল্লা ক্ষিপ্ত থাকায় হত্যার পরিকল্পনার কথা তাকে জানালে এক বাক্যে রাজি হয়ে যায়।।”
র্যাব কর্মকর্তা মঈন বলেন, হাবুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুড়বাড়িতে থাকতেন। একটি এনজিও’র মাঠকর্মী রাবেয়ার আগের ঘরে ১৬ বছরের এক মেয়ে আছে। আর হাবুলের সংসারে এসে তার আরও দুই সন্তান হয়েছে।
যেভাবে হত্যা
র্যাব জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী গত ১১ অগাস্ট রাতে হাবুলের বাড়িতে আসে সূর্য্য মোল্লা। সবাই মিলে রাতের খাবার শেষে হাবুলের সন্তানেরা ঘুমিয়ে পড়ে। আর তখন হাবুল, সূর্য্য মোল্লা ও রাবেয়া চেয়ারে বসে আলাপচারিতা করছিল।
একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হাবুল উঠে গিয়ে অতর্কিতে রাবেয়ার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে, আর সূর্য্য মোল্লা পিছন থেকে হাত চেপে ধরে। বেশ কিছুক্ষণ থাকার পর রাবেয়া নিস্তেজ হয়ে যায়।
তারপর বাড়ির পেছনে সেপ্টিক ট্যাংকের মধ্যে মরদেহটি ফেলে দেন তারা। হাবুল বাড়িতে থেকে গেলেও সূর্য্য মোল্লা রাতেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
হাবুলের ‘মিথ্যাচার’
হত্যাকাণ্ডের পরের দিন সকালে রাবেয়ার মা মেয়েকে না দেখতে পেয়ে হাবুলের কাছে জানতে চায়। এ সময় হাবুল বলেন, রাবেয়া এনজিওর কাজে অফিসে গেছে, সন্তানদের নিয়ে তিনি যেন স্কুলে যান। একপর্যায়ে জরুরি কাজে ঢাকায় যাওয়া দরকার বলে শাশুড়িকে জানান হাবুল। এরপর তিনি অলঙ্কার ও গচ্ছিত কিছু টাকা নিয়ে বের হয়ে যান।
র্যাব কর্মকর্তা মঈন জানান, ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় একসময় রঙমিস্ত্রির কাজ করতেন হাবুল। সেখানে তার অনেক পরিচিত মুখ আছে।
হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে এসে হাবুল আত্মগোপন করেছিল বলে জানান তিনি।
