২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা’ই বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ভিত্তি: পুতিন

ভিডিও বার্তায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট

‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা’ই বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ভিত্তি: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 08:24 PM

Updated : 26 Mar 2023, 08:33 PM

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রোববার পাঠানো ওই বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, “বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চমৎকার ঐতিহ্যের ওপর গড়ে উঠেছে আমাদের দুই দেশের সম্পর্ক। 

“আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রসারের সঙ্গে সঙ্গতি রেখে এবং রাশিয়া ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বার্থকে পুরোপুরি বজায় রাখে, এমন গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আমি আত্মবিশ্বাসী।” 

ঢাকায় রুশ দূতাবাসের টেলিগ্রামের চ্যানেলে পুতিনের ওই বার্তার পাশাপাশি বাংলাদেশে সেদেশের রাষ্ট্রদূত আলেকজান্দার ভেকিয়েনসেভিচ মান্তেস্কির একটি শুভেচ্ছা বার্তাও প্রকাশ করা হয়। 

বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, “১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দিয়েছিল এবং নতুন সার্বভৌম দেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অগ্রভাগে ছিল। 

“দ্রুত অগ্রগতির অর্থনীতি ও অসামান্য সম্ভাবনার তৈরি করে, যুদ্ধের ক্ষতকে পেছনে ফেলে আত্মনির্ভরভীল দেশ হওয়ার মধ্য দিয়ে গত ৫২ বছরে আপনাদের দেশ তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।” 

দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের জনগণ আরও উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।