যাত্রাবাড়ীতে কভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
কভার্ডভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়।
রাজধানীর যাত্রাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৩টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. সুমনের (৩৬) গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতিতে। হাজারীবাগের বটতলা এলাকার এক বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, কভার্ডভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা উল্টে গিয়ে গুরুতর আহত হন সুমন।
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের মামা আল আমিন জানান, রাতে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন সুমন। ভোরে তারা দুর্ঘটনার খবর পান।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে বলে জানান এসআই রফিকুল।
