‘শীতে কষ্ট তো অয়, সহ্য করি’
“গেছে বছর যা কিনলাম শীতের কাপড়, তাই দিয়াই চলতাছে। আগে চার-পাঁচটা পিনতাম। এহন পারি না।”
মাটিতে কার্টন পেতে চারপাশে প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো খুপড়িতে গুটিসুটি হয়ে বসেছিলেন অন্ধ খোদেজা খাতুন; তীব্র শীত আর উত্তুরী হাওয়ায় কাঁপছিলেন।
মাস দুই ধরে মহাখালী কাঁচাবাজারের পাশে সরু গলিতে আসন পেতেছেন পঞ্চাশোর্ধ্ব এই নারী। কাছে যেতেই বললেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো জীবন আর শীতে দুর্দশার কথা।
শুক্রবার রাত ৯টার দিকে তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। জানালেন, এক বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরছেন। দুই মাস হল থাকছেন মহাখালী এলাকায়। চোখেও দেখেন না তেমন।
শীতের প্রসঙ্গ তুলতেই বললেন, “কষ্ট তো অয়, সহ্য করি। হলে কী করব? কূলকিনারা পাইছি না। অন্ধ মানুষ।”
পৌষের শেষে শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে যখন গোটা দেশ কাঁপছে, তখন চালাহীন খুপড়িতে খোদেজার হাড়কাঁপুনিই বলে দিচ্ছে ছিন্নমূল মানুষের কষ্ট।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মাঘের আগেই এমন তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষেরা।
রাতে মহাখালী ফুটব্রিজের উপর শুয়ে ছিলেন এরশাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়দিন ধইরা শীতে ম্যালা কষ্ট পাইতাছি। এর আগে তো এত শীত আছিল না। কোনোরকম কাটাইছি। এহন কষ্টের কোনো সীমা নাই।”
মহাখালীর সাততলা বস্তিতে এলাকায় থাকেন রিকশাচালক আমির হোসেন। শীত কেমন- জানতে চাইলে তিনি বলেন, “ঠান্ডা বাতাসে গাড়ি চালাইতে কষ্ট হইতাছে। কান দিয়া বাতাস ঢুকে, নাক দিয়া ঢুকে। হাত-পা বরফ অইয়্যা গেছে।
“এক ট্রিপ, দুই ট্রিপ মারলে চা খাইতে অয়। অন্য টাইমে রাইত ১২টা পর্যন্ত রিশকা চালাইতাম। এহন ১০টা বাজেই ভাগতে অয়।”
গত বছর বস্তিতে আগুন লাগলে জামা-কাপড় সব হারিয়েছেন আমির। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখনও শীতের পোশাক কেনা হয়ে ওঠেনি তার।
আমির বলেন, “গেছে বছর যা কিনলাম শীতের কাপড়, তাই দিয়াই চলতাছে। আগে চার-পাঁচটা পিনতাম, এহন পারি না। আবার শীতের কারণে বস্তির টিনশেড রুমে থাকতে কষ্ট। খ্যাতার (কাঁথা) উপ্রে চাল বাইয়্যা নিশির (শিশির) পড়ে।”
কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মধ্যবেলা পর্যন্তও দেখা মিলছে না সূর্যের; ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে জবুথবু অবস্থা দেশজুড়ে।
শীত জেঁকে বসায় ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ভিড়। আগের চেয়ে বেড়েছে বিক্রিও।
বিক্রেতারা বলছেন, দুই-তিন দিনে তুলনামূলকভাবে বিক্রি বেড়েছে শীতবস্ত্র ও পাতলা কম্বলের। রাতের বেলা জমাজমাট হয়ে উঠছে দোকানগুলো।
রাজধানীতে ভ্যানে করে শীতের কাপড় বিক্রি করেন আবদুল হক।
বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “গত কয়েকদিনে শীতের কারণে আগের থিকা বেচাবিক্রি বাড়ছে। মাইনষে যদিও যত দেখে, অত কিনে না; তবে সইত্য হইল বেচা বাড়ছে। বেশি বেচতাছি।”
আবদুল হকের দোকানে সোয়েটার দেখছিলেন রিশাদ হোসাইন। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী রিশাদ থাকেন তেঁজগাও এলাকায়।
তিনি বলেন, “আমি ভাবছিলাম শীত চলে গেছে। আগের গরম কাপড় দিয়েই এবার কেটে যাবে। এখন গত তিন দিনের শীতে পুরা দিশাহারা অবস্থা।
“একটা সোয়েটার কিনা দরকার। বেতন হয় নাই এখনও, তাই ভ্যানই ভরসা। কিন্তু, এখানেও দাম বেশি চাইতাছে। হঠাৎ একটু চাহিদা বাড়ছে তো এইজন্য মনে হয়।”
দেশের শীতের এই পরিস্থিতি আরও দুদিন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ টি এম নাজমুল হক।
“আগামী সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। আর বৃহস্পতিবারের দিকে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে,” বলেন এই আবহাওয়াবিদ।
শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
আরও পড়ুন-
