২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও নিরাপত্তায় সমস্যা হবে না: ডিএমপি কমিশনার

আরেক প্রশ্নে পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো জঙ্গি হুমকি নেই। তবে সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে।”

ঢাকার অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও নিরাপত্তায় সমস্যা হবে না: ডিএমপি কমিশনার

সোমবার রাজারবাগ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 08:15 PM

Updated : 01 Jan 2024, 08:15 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ২১৪৬টি ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হলেও নিরাপত্তায় কোনো সমস্যা না বলে জানিয়েছেন ডিএমপি কমশনার হাবিবুর রহমান।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “ঢাকা শহরে ২১৪৬টি কেন্দ্র রয়েছে। এগুলো মধ্যে কিছু আছে সিঙ্গেল কেন্দ্র অর্থাৎ এক স্পটে একটি কেন্দ্র। আবার একটি স্পটে একাধিক কেন্দ্রও আছে। এসব কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ।

“তবে ঝুঁকি বিবেচনা করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে। সুতরাং ঝুঁকিপূর্ণ হলেও নিরাপত্তায় কোনো সমস্যা হবে না।”

ঢাকার পুলিশ প্রধান বলেন, “কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তারা অপপ্রচার চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করছে। তাদের ‍রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি কাজ করবে, আনসার আসবে। সেনাবাহিনীও পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় এগিয়ে আসবে।

“আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ এসব অপতৎপরতা রুখে দাঁড়াবে। আমি মনে করি বাকি ছয়দিন সুন্দরভাবে অতিবাহিত হবে এবং ৭ জানুয়ারি সুন্দরভাবে ও অবাধে নির্বাচন সম্পন্ন হবে।”


আরেক প্রশ্নে পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো জঙ্গি হুমকি নেই। তবে সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে।”

নিষেধাজ্ঞা থাকার পরও থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়ানো ও আতশবাজি ফোটানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এক সপ্তাহ থেকেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারপরও ….সচেতনার অভাবে এটা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বড় কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে অভিভাবকরা সন্তানদের নিরূৎসাহিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।