২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিকস সম্মেলন: প্রধানমন্ত্রী জোহানেসবার্গ যাচ্ছেন মঙ্গলবার

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ব্রিকস সম্মেলন: প্রধানমন্ত্রী জোহানেসবার্গ যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 11:35 PM

Updated : 22 Aug 2023, 11:35 AM

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকস’র সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা পাঁচদিনের এই সফরে রওনা হবেন।

বাসস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্যান্ডটন কনভেনশন সেন্টারে ২২-২৪ অগাস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ইঙ্গিত দিয়ে রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, “সম্মেলনের ফাঁকে আমরা বেশ কয়েকটি বৈঠক করতে যাচ্ছি। শেষ মুহূর্তে বৈঠকগুলো চূড়ান্ত হওয়ায় এগুলো এখন প্রক্রিয়াধীন।”

ব্রিকস জোটে যোগ দিতে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে এককভাবে কারও উপর যেন নির্ভরশীল থাকতে না হয়, সেজন্যেই ব্রিকসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরনো খবর:

কেন ব্রিকসে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর জোহানেসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোটের সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা নয়েছে। কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এবারই প্রথম ব্রিকস সম্মেলন।

বাসস জানিয়েছে, ২৩ অগাস্ট সকাল ১০টায় রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে।

একই দিন বেলা সাড়ে ১২টায় সরকার প্রধান প্যালেস অব রেসিডেন্সে আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ বক্তব্য রাখবেন।

বিকালে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে।  

সন্ধ্যায় শেখ হাসিনা জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

পরদিন ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’র সদস্য হিসেবে বাংলাদেশের তরফে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হবে।

ব্রিকস সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের একটি সভায়ও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ অগাস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জোহানেসবার্গ থেকে ফিরতি যাত্রা শুরু করবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ অগাস্ট সকালে ঢাকায় পৌঁছাবেন তিনি।