ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
এ প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি ১২টি দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন।
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বসছে বাংলাদেশে।
শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এ প্রতিযোগিতা আয়োজন করে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, এ প্রতিযোগিতা আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ।
এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ সিআইএসএমের সদস্য ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। এ ছাড়া সিআইএসএমের সদর দপ্তরের প্রতিনিধিরাও প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শনিবার; আর সমাপনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর।
অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি, ফ্রান্সের নিস শহরে।
সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে সংস্থাটি। বর্তমানে এর সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সংস্থাটির ৪১তম সদস্য হিসেবে যোগ দেয়।
