১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।

অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 04:38 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। 

তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে  আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। 

গুলশান থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। 

গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে আটক করে একদল যুবক। পরে সিদ্দিককে মারধর করে রমনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রমনা থানা পুলিশ পরে তাকে গুলশান থানায় নিয়ে যায়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পায় পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া হয়। সে সময় গুলিবিদ্ধ হন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

ওই ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন জব্বার। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।

গুলশান থানার ওসি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। পরে নৌকা প্রতীকে সেখানে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হন।

সেবার ভোটের টিকেট না পেয়ে ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন সিদ্দিক। দ্বাদশ সংসদ নির্বাচনে ওই আসনের পাশাপাশি জন্মভূমি টাঙ্গাইল-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

আরও পড়ুন

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

অভিনেতা সিদ্দিককে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে চায় পুলিশ

অভিনেতা সিদ্দিককে মারধরপুলিশে সোপর্দ

দুই আসনে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন অভিনেতা সিদ্দিক

ভোটের টিকেট না পেয়ে সিদ্দিকের মন খারাপগেলেন দুবাই