২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ফেরানোর প্রস্তাবে মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: প্রেস সচিব

“অধ্যাপক ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মান প্রদর্শন করেন”, বলেন শফিকুল আলম।

হাসিনাকে ফেরানোর প্রস্তাবে মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: শফিকুল আলমের ফেইসবুক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নেতিবাচক প্রতিক্রিয়া’ দেখাননি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার নিজের ফেইসবুক পেজে তিনি লিখেছেন, “আমরা আশাবাদী, হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব।”

গত শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী।

বাসস লিখেছে, আধা ঘণ্টার বেশি সময় তাদের মধ্যে বৈঠক চলে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শফিকুল আলম লিখেছেন, নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি ড. ইউনূসের কাজের প্রশংসাও করেন।

“বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল। তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম’।”

শফিকুল আলম লিখেছেন, “এটি স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্কের একটি নতুন দিকচিহ্ন তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ‘ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

“অধ্যাপক ইউনূস সাম্প্রতিক সময়ে কয়েক মাসে বহুবার বলেছেন, আমরা চাই ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক। তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সাম্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে’।”