১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন ও শহীদুল হক গ্রেপ্তার

সেনা হেফাজতে থাকা আবদুল্লাহ আল মামুন আত্মসমর্পন করলে তাকে হেফাজতে নেয় পুলিশ; উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 02:06 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পাঠানো দুটি পৃথক বার্তাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

জনসংযোগ বিভাগের বার্তায় বলা হয়, সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আরেকটি বার্তায় বলা হয়, ছয় বছর আগের পুলিশপ্রধান শহীদুল হককে মঙ্গলবার রাতে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার পতনের পর বিকালে হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর ছাড়েন আইজিপিসহ কয়েকজন কর্মকর্তা। এরপর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের আগেই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।

চৌধুরী আব্দুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল দেড় বছর আগে। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা।

আইজিপি হওয়ার আগে তিনি র‌্যাবের মহাপরিচালক ছিলেন। সর্বশেষ গত ৫ জুলাই আরও এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।

সরকার পতনের পর ৬ অগাস্ট রাতে তার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অপরদিকে এ কে এম শহীদুল হক ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই ২০০৯ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হন।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন:

ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

বিএনপি অফিসে অভিযান: পুলিশের বিরুদ্ধে ২ মামলা 

সাবেক আইজিপি মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সরকার পতনের পর আন্দোলনে সহিংসতার ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।