পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: বাইজীদের জামিন স্থগিত
হাই কোর্টের জামিন আদেশ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত।
পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু হাত দিয়ে খোলার দৃশ্য নিয়ে ‘টিকটক’ ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার বাইজীদ তালহার জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।
গত ১৪ অক্টোবর বাইজীদের আবেদনের শুনানি শেষে তাকে জামিন দিয়েছিল হাই কোর্ট। এরপর এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মো. শাহীন মৃধা।
এস এম মুনীর বলেন, “আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সেই দিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।”
দেশের বৃহত্তম পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন গাড়ি চলাচলে সবার জন্য খুলে দেওয়া হয়। ওইদিন সেতুর নাটবল্টু খোলার দৃশ্য ধারণ করে ‘টিকটক’ ভিডিও বানান বাইজীদ তালহা নামের এ যুব্ক।
সোশাল মিডিয়ায় তা ভাইরাল হলে কয়েক ঘণ্টার মধ্যে নগরীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই মামলায় তার সহযোগী হিসেবে কায়সার আহম্মেদ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। ৩০ বছর বয়সী বাইজীদ পটুয়াখালী জেলার তেলীখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাই কোর্টে আবেদন করেন বাইজীদ। আবেদনের শুনানি নিয়ে গত ১৪ সেপ্টেম্বর হাই কোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করে।
