২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বাতিল

টিকেটের মূল্য ফেরত নিতে যাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে।

বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বাতিল

ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 01:25 AM

Updated : 06 Jan 2024, 01:25 AM

ঢাকায় প্রবেশের পথে আগুনে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বেনাপোল এক্সপ্রেসের ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে যশোরের বেনাপোলের উদ্দেশে ট্রেনটির যাত্রা করার কথা ছিল।

রেলওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল এক্সপ্রেসের ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যাত্রা বাতিল করা হয়।

প্রতিদিন দুপুর একটার দিকে বেনাপোল থেকে ছেড়ে ট্রেনটি ঢাকায় আসে। আর রাত পৌনে ১২টার দিকে ট্রেনটি বেনাপোলের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে।

ভোট ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাত শুক্রবার ৯টার দিকে আগুনে বেনাপোল এক্সপ্রেসের চারটি বগি পুড়ে যায়। তাতে চারজনের মৃত্যু হয়, দগ্ধ অবস্থায় একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বেনাপোল থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় টিকেটের মূল্য ফেরত নিতে যাত্রীদের অনলাইনে আবেদন করতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।