১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান: আপিল আবেদনের শুনানি মঙ্গলবার

২০২২ সালের ২ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 02:10 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে মঙ্গলবার। 

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এদিন বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তখন জ্যেষ্ঠ বিচারক বলেন, “এ বিষয়টা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।”

সেই অনুযায়ী তা শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করা হয়েছে।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ। 

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেয় হাই কোর্টের এই বেঞ্চ।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর ২ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

'জয় বাংলা' স্লোগান, পিটিয়ে দেওয়া হল পুলিশে

'জয় বাংলা' স্লোগান: সরানো হল বাগেরহাটের সিভিল সার্জনকে 

'জয় বাংলা' জাতীয় স্লোগান, প্রজ্ঞাপন জারি

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায়

জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ‘জয় বাংলা’ চায় হাই কোর্ট