২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সংঘাতের ঘটনার স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ঢাকার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর শনিবার দফায় দফায় চলে পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষ চলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 12:53 AM

Updated : 01 Aug 2023, 12:53 AM

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে এই সহিংতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও দেশটি রেখেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয়েছে।

তাতে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা এবং ভীতি সৃষ্টির ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।

তিনি বলেন, “সহিংসতার যে খবর এসেছে, আমরা বাংলাদেশ সরকারকে বলব স্বচ্ছতার সঙ্গে, পক্ষপাত না করে এর বিস্তারিত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে।”

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে রাজনৈতিক নানা বিষয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রকাশও বাড়ছে।

গত দুটি নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশের পর এবার বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র; যেখানে বলা হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা দেশটির ভিসা পাবে না।

যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি বাংলাদেশের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সহিংসতার জন্য প্রতিপক্ষকে দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবারই বলেছেন, বিএনপির উপর মার্কিন ভিসা নীতি ‘প্রয়োগ করা উচিৎ’।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে সরকার পতনের আন্দোলনে নামে বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল। পাল্টা কর্মসূচিতে সেসব স্থানে আওয়ামী লীগও অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাত বাঁধে; সংঘর্ষের পাশাপাশি তিনটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

এই সহিংসতার জন্য পুলিশ ও ক্ষমতাসীন দল দায়ী করছে বিএনপি। অন্যদিকে বিএনপি দায়ী করছে সরকারকে।

পুরনো খবর:

পাল্টাপাল্টি কর্মসূচি এবার গড়াল সংঘাতে