বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাপ্রধান
পরিদর্শনকালে তিনি সেখানকার সব স্তরের সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেছেন।
তিনি পার্বত্য চট্টগ্রামের এ রিজিয়নে শনিবার যান এবং পরিদর্শন শেষে রোববার ঢাকায় ফিরে আসেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
পরিদর্শনকালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সব স্তরের সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আইএসপিআর জানায়, এসময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের কর্মকর্তা, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সবস্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
