ছাত্রদলকে ‘সহিংসতা ছাড়ার আহ্বান’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
“ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
বর্তমানে ছাত্র সংগঠনগুলোর ‘ভিন্নমত দমনের প্রবণতা’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পরিস্থিতির উত্তরণে সংগঠনগুলোকে ধৈর্য ধরার পাশাপাশি ছাত্রদলকে ‘সহিংসতার পথ ছাড়ার’ আহ্বান জানিয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি।
শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েক দিনে মারধরের প্রেক্ষাপট ও ঘটনাক্রম পর্যবেক্ষণ করে ছাত্ররাজনীতিতে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মত সহিংসতা বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত।
“ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো যাচ্ছে। বাংলাদেশের সব মত ও পথের ছাত্রদের সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে ভূমিকা পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংগঠনসমূহকে ধৈর্যশীল আচরণ বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।”
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন।
সংঘর্ষ একপর্যায়ে ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় এলাকা রেলিগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষের পর কুয়েটের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে ঘটনা তদন্তে কমিটি করা হয়।
কুয়েটের এ ঘটনা নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একে অপরকে দোষারোপ করছে।
শুক্রবার পাঠানো বিজ্ঞপ্তিতেও তামিরুল মিল্লাত কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওই ঘটনার পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জেরা, ভিডিও রেকর্ডিং, থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”
সহিংসতার রাজনীতি থামিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন-
