Published : 10 Jan 2024, 04:09 PM
ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় বিএনপিনেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুলহাস উদ্দিন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল।
এ মামলায় তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদনও জমা পড়েছে।
মামলায় নবীর পক্ষে আদালতে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছেন সেলিম খান সহ কয়েকজন।
ডিএমপির (যাত্রাবাড়ী থানা) মামলায় রিমান্ড শেষ হওয়ার পর নবীসহ দুইজনকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন এবং রিমান্ডে নেওয়া হবে বলে গত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
গত শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরে ঢোকার আগে আগুন লাগানো হলে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান। ৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে।
এরপর রাতেই ৬৬ বছর বয়সী নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাকে ছাড়াও যুবদলের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের করেছেন বেনাপোল একসপ্রেসের পরিচালক (ট্রেন গার্ড/টিজি) এস এম নুরুল ইসলাম।
বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) এবং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার এই মামলায় ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহম্মেদ বিশ্বাস গত রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আগুনে পুড়ে যাওয়া চার জনের মৃতদেহের ডিএনএ নমুনার সঙ্গে মৃতদেহগুলোর দাবিদারদের ডিএন নমুনা আলাদাভাবে সংগ্রহ করে মেলানোর জন্য আবেদন করেন।
এ আবেদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ডিএনএ বিশ্লেষককে প্রোফাইল জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
পুরানো খবর:
বিএনপি নেতা নবী গ্রেপ্তার