এক মামলায় ডেভিড ইমনের রিমান্ড, অন্যটিতে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে চাঁদাবাজির এক মামলায় দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। পাশাপাশি অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এসব আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের দুই দিনের এবং অন্য পাঁচজন আসামির প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
“এছাড়া চকবাজার থানার অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।”
এর আগে ডেভিড ইমনকে পুলিশ পাহারায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নগরীর চন্দনপুরা এলাকায় শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে চাঁদার দাবিতে গুলি চালানো হয়। ওই মামলায় জিজ্ঞাসবাদের জন্য আসামিদের পাঁচদিন করে রিমান্ডে চেয়েছিল পুলিশ।
অন্যদিকে গত জুলাই মাসে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাংচুর চালানো হয়। ওই মামলাটিতে বৃহস্পতিবার ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
পরদিন ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন
বড় সাজ্জাদের পরামর্শে ভারতে পালাতে চেয়েছিলেন ডেভিড ইমন: পুলিশ
