ডেভিড ইমন দুই মামলায় ৭ দিনের রিমান্ডে
ডেভিড ইমন জোড়া খুনসহ ১৮ মামলার আসামি।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় সাতদিনের রিমাণ্ডে পাঠিয়েছে আদালত।
দুই মামলায় রিমাণ্ডের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালত বুধবার এই আদেশ দেয়।
এর মধ্যে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দিন মাহমুদের আদালতে বাকলিয়া থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনের শুনানি হয়।
এছাড়া আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে বায়েজিদ বোস্তামি থানার হত্যা মামলাটির রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকলিয়া থানার হত্যা মামলায় পাঁচ দিনের এবং বায়েজিদ বোস্তামি থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।”
এর আগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ৫ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় এলোপাতারি গুলিতে খুন হন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা।
ওই ঘটনায় দুদিন পর সরোয়ার বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে রায়হান, ইমনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-১৬জনকে আসামি করে হত্যা মামলা করেছিলেন।
নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় গত বছরের ৩০ মার্চ ভোর রাতে ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দুই জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন আরও দুইজন।
ওই ঘটনায় নিহত দুজন ছিলেন সরোয়ার হোসেন বাবলার অনুসারী বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।
হত্যাকাণ্ডের তিন দিন পর ১ এপ্রিল সন্ধ্যায় সাতজনের নাম দিয়ে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।
মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহানসহ সাত জনকে আসামি করা হয়েছিল।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
পরদিন ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন:
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
বড় সাজ্জাদের পরামর্শে ভারতে পালাতে চেয়েছিলেন ডেভিড ইমন: পুলিশ
‘ভারতে যাওয়ার চেষ্টায়’ ছিলেন ডেভিড ইমন, বলছে পুলিশ
চট্টগ্রামের 'সন্ত্রাসী' ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
ডেভিড ইমনের 'নির্দেশেই' লোক ভাড়া করে ডিডিএনে হামলা হয়: র্যাব
