২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ খোকন তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে

বারিধারার একটি বাসা থেকে ১৭ নভেম্বর সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে তুলে দেয় এসআরবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:26 PM

Updated : 29 Nov 2026, 05:26 PM

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওইদিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়। ২৪ নভেম্বর তার আরও পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত।

দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাঈদ খোকনের পক্ষে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন।

শুনানি নিয়ে আদালত সাঈদ খোকনের দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।