২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের অতি-দরিদ্রদের ‘আয়ের চাকা ঘোরাচ্ছে’ ব্র্যাকের ইউপিজি প্রকল্প

অংশগ্রহণকারী পরিবারগুলোর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের ধারা ৯৬ শতাংশ হারে অগ্রসর হচ্ছে বলে প্রকল্পের উপস্থাপনাপত্রে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 07:56 PM

Updated : 20 Jun 2023, 07:56 PM

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে টেকনাফ ও উখিয়ার শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে থাকা লাখো রোহিঙ্গার চাপ সামলাতে গিয়ে আয় কমেছে স্থানীয় অতি-দরিদ্রদের; ফলে গত কয়েকবছরে উপকূলীয় এ জেলার তাদের জীবন-জীবিকার সংকট হয়েছে আরও তীব্র।

এই বাস্তবতায় ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ (ইউপিজি) এর আওতায় ব্র্যাকের পরিচালিত একটি পাইলট কার্যক্রম স্থানীয় পরিবারগুলোর আয়, সঞ্চয়, সম্পদ ও খাদ্য নিরাপত্তা বাড়াচ্ছে বলে উঠে এসেছে এক গবেষণায়।

মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে প্রকল্পের সহযোগী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, স্থানীয় এনজিও এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) রিসার্চ ফেলো নারায়ণ চন্দ্র দাশ ওই পাইলট প্রকল্পের ফলভোগীদের ওপর চালানা গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজার এলাকার অতি-দরিদ্র নারী ও তাদের পরিবারের ‘দারিদ্র্যজয়ে’ সহায়তা করতে ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ (ইউপিজি) পরিচালনা করছে ব্র্যাক। এ কার্যক্রমের অংশ হিসেবে অতি-দরিদ্রদের পণ্যের সঙ্গে স্থানীয় বাজারের সংযোগ ঘটাতে ওই পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অতি-দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০০২ সালে এই কার্যক্রম শুরু হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সাল থেকে কক্সবাজারে ইউপিজি কর্মসূচিতে অংশগ্রহণকারী পরিবারগুলোর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের ধারা ৯৬ শতাংশ হারে অগ্রসর হচ্ছে। এই সময় পরিবারগুলোর আয়, সঞ্চয়, সম্পদ ও খাদ্য নিরাপত্তা বেড়েছে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, “মানবিক সহায়তার প্রেক্ষাপটে তথ্য-উপাত্ত ভিত্তিক কাজের অভাব রয়েছে। ব্র্যাকের এই গবেষণা সে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।"

সভায় জানানো হয়, এখন পর্যন্ত এ প্রকল্পে ৪৮ জেলায় ২২ লাখের বেশি পরিবার টেকসইভাবে অতিদারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে ব্র্যাক কক্সবাজারে ইউপিজি প্রোগ্রাম শুরু করে।

আর রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পর জেলার স্থানীয় জনগোষ্ঠীর (হোস্ট কমিউনিটি) অতিদরিদ্র পরিবারগুলোকে দারিদ্র্যজয়ে বিশেষভাবে সহায়তা করে আসছে ব্র্যাকের ইউপিজি প্রোগ্রাম।

এ প্রকল্পের পরিচালক পলাশ দাশ বলেন, "ব্র্যাক ও ইউএনএইচসিআর যৌথভাবে কক্সবাজারে বছরব্যাপী একটি ‘মার্কেট লিংকেজ’ পাইলট প্রকল্প পরিচালনা করেছে। বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দরকাষাকষির সুযোগ বাড়ানো এবং পণ্যের বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই পাইলট প্রকল্প ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের অধীনে পরিচালিত হয়। এতে অংশ নেন অতিদরিদ্র পরিবারের দুই হাজার সদস্য।

“স্থানীয় বাজার ব্যবস্থা অস্থিতিশীল হওয়ায় এই নারীদের বাজারে প্রবেশাধিকার সীমিত। অতিদরিদ্র নারী উৎপাদনকারীদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করে তাদের টেকসই জীবিকায়ন ও সামাজিক সংহতি নিশ্চিত করা এই পাইলট কার্যক্রমের মূল লক্ষ্য।”

পরে এক প্যানেল আলোচনায় কক্সবাজারের অতিরিক্ত জেলা কমিশনার মো. নাসিম আহমেদ বলেন, “সরকারের দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সামগ্রিকভাবে সারা দেশের দরিদ্র মানুষের জন্য নেওয়া হয়েছে। তবে কক্সবাজার এলাকায় দারিদ্র্যের হার যেমন বেশি, এখানে ইস্যুগুলোও বহুমাত্রিক।”

এ সময় সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কানাডার দূতাবাসের সিনিয়র ডেভলপমেন্ট আ্যডভাইজার ফারজানা জাহিদ, ইউএনডিপির ইনটেরিম হেড অব সাব অফিস রবার্ট স্টোয়েলম্যান, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সহযোগী পরিচালক রোজিনা হক, কক্সবাজার ভিত্তিক এনজিও জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা নিজেদের মতামত ব্যক্ত করেন।