২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ে এড়াতে’ অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা, ৫ দিন পর গ্রেপ্তার

হত্যার দুদিন পর একটি আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারী ও তার নবজাতক সন্তানের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

‘বিয়ে এড়াতে’ অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা, ৫ দিন পর গ্রেপ্তার

গ্রেপ্তার মাসুদ মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 07:18 PM

Updated : 18 Jul 2023, 07:19 PM

‘বিয়ে করতে চাপ দেওয়ায়’ অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার অভিযোগে এক পোশাককর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত ১৫ জুলাই রংপুরের পীরগঞ্জের একটি আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারী এবং তার নবজাতক সন্তানের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

সেই ঘটনার তদন্তে নেমে পোশাককর্মী মাসুদের (৩৫)  সংশ্লিষ্টতা মেলার পর সোমবার গাজীপুরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে জানিয়েছে র‌্যাব।

বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, প্রায় এক দশক ধরে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন মাসুদ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক নারী কর্মী কারখানায় যোগ দিলে তার সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠলে তারা একসঙ্গে থাকতে শুরু করেন।

মেয়েটির আগে বিয়ে হয়েছিল; মাসুদের গ্রামেও তার সংসার ছিল, যা মেয়েটি জানতেন না।

আল মঈন বলেন, “মেয়েটি মাসুদকে জানায়, তার আগে বিয়ে হয়েছিল কিন্তু পরে বিচ্ছেদ হয়ে যায়। পরে মাসুদ ও ওই নারী একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদকে তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাদের দ্বন্দ্ব শুরু হয়।”

এক পর্যায়ে মাসুদ রংপুরের পীরগঞ্জে তার বাড়িতে চলে গেলে তাকে খুঁজতে ওই মেয়েও গত ১২ জুলাই সেখানে হাজির হন। সেখানে গিয়ে ওই নারী জানতে পারেন, মাসুদ বিবাহিত ও তার একটি সন্তান রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আল মঈন বলেন, সেখানে ওই নারীকে মেনে নিতে অস্বীকৃতি জানায় মাসুদের বর্তমান স্ত্রী। এক পর্যায়ে মাসুদ ওই নারীকে আশ্বস্ত করেন যে তাকে তিনি বিয়ে করবেন ও একসঙ্গে তারা বসবাস করবেন। পরদিন মাসুদের খালা ওই নারীকে ঢাকার উদ্দেশে পীরগঞ্জ থেকে বাসে তুলে দেন।

“মেয়েটি বাসে ওঠার পর মাসুদ তাকে ফোন করে বাস থেকে নেমে আসতে বললে মেয়েটি নেমে আসে। এরপর খালাশপীর নামের একটি জায়গায় বড় আখক্ষেতে ওই মেয়েটিকে কৌশলে নিয়ে যায় মাসুদ। সেখানে মেয়েটিকে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে। পেটে লাথি মারলে সেখানেই ওই নারী সন্তান প্রসব করেন। সেই অবস্থায় মাসুদ তাদের ফেলে চলে আসে।”

এর দুদিন পর ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সদ্যোজাত শিশুটিও তখন মায়ের পায়ের কাছেই ছিল।