১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ কর দিতেই হবে, আপিলের রায়

জাতীয় রাজস্ব বোর্ডের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের এ রায় আসে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 03:54 PM

Updated : 27 Feb 2024, 03:53 PM

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। 

এ সংক্রান্ত একটি আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। 

২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন জারি করে। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনর্নির্ধারণ করা হলো। ০১ জুলাই থেকে এটা কার্যকর হবে।’ 

২০১০ সালের ১ জুলাই এনবিআরের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়করের হার হ্রাস করে ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।’ 

এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। 

২০২১ সালের ০৯ ফেব্রুয়ারি ওই দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। 

একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়। 

মঙ্গলবার ওই আপিলের শুনানি নিয়ে এ রায় ঘোষণা করা হলো। 

আরও পড়ুন:

পুরানো খবর:

বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি

পুরানো খবর:

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নয়, আপিল বিভাগের নির্দেশ

পুরানো খবর:

বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ে ১৫% কর