আওয়ামী লীগ আমলের ‘হয়রানিমূলক মামলার’ তথ্য চাইছে আইন মন্ত্রণালয়
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সরকারি কৌঁসুলিদের এসব তথ্য পাঠাতে হবে।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দায়ের হওয়া ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বা ‘গায়েবি’ মামলার তথ্য চেয়েছে আইন মন্ত্রণালয়।
এর মধ্যে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে-পরে রাজনীতিক ও অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা ও বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে সরকারি কৌঁসুলিদের।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি মঙ্গলবার সকালে বলেন, “রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর তথ্য পাঠাতে পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের বলা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে ইমেইলে সলিসিটর বরাবর ওই মামলাগুলোর তথ্য পাঠাতে বলা হয়েছে। এ মামলাগুলোর পূর্ণাঙ্গ তথ্য না থাকায় প্রতিকারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
“মামলার তালিকা পাঠানোর ক্ষেত্রে যত্নবান ও দায়িত্বশীল হতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আইন কর্মকর্তাদের। তাদের কাছ থেকে পাওয়া তালিকা আইন মন্ত্রণালয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।”
সরকারি কৌঁসুলিদের কাছে সোমবার পাঠানো চিঠিতে সলিসিটর অনুবিভাগ বলেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত- বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে-পরে ‘রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে’ হয়রানিমূলক মামলা (অনেক ক্ষেত্রে গায়েবি মামলা) দায়ের হয়।
এসব মামলার তথ্য পাঠাতে জেলার নাম, আদালতের নাম, মামলার নম্বর, এজহারকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা ও অজ্ঞাতনামা আসামির সংখ্যা, এজহারে বর্ণিত ঘটনার তারিখ, মামলাটি কোন আইনের কোন ধারায় দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন বা বিচারাধীন আছে কি না এসব তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
