২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের ঘোষণা গণতান্ত্রিক আইনজীবী সমিতির

সংগঠনটি বলছে, আইনজীবীদের স্বার্থ রক্ষায় দলীয় লেজুড়বৃত্তির আইনজীবী সংগঠনগুলো ব্যর্থ।

আন্দোলনের ঘোষণা গণতান্ত্রিক আইনজীবী সমিতির

সভায় গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতারা।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 07:21 PM

Updated : 19 Aug 2023, 07:21 PM

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং আইনজীবীদের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

শনিবার সুপ্রিম কোর্টের সামসুল হক চৌধুরী হলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত আসে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি এড এম এ তাহের। সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভায় সারাদেশের বিভিন্ন জেলা বার শাখা থেকে আগত আইনজীবী নেতারা আইন পেশার বিভিন্ন সমস্যা সংক্রান্ত দাবি-দাওয়ার ভিত্তিতে এবং দেশের বিচার ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

“তারা বলেন, দেশের বিজ্ঞ আইনজীবীদের স্বার্থ রক্ষায় দলীয় লেজুড়বৃত্তির আইনজীবী সংগঠনগুলো ব্যর্থ। তাই আজ পেশাগত অধিকার ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতির আলোকে আইনজীবী গণসংগঠনের আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নাই।”

‘সাইবার সুরক্ষা আইন’ যদি জনগণের মানবাধিকার পরিপন্থি হয়, তার বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্তও নিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলী আজম, সংগঠনের সহ সভাপতি হাবিবুর রসুল মামুন, অসিত কুমার স্যান্যাল, সন্দ্বীপ রায়, মানিক মজুমদার, মুরলী ধর দাস, বিমল শীল, জহীর উদ্দিন মাহমুদ, লতিফুর রহমান, আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাউন কবির, সহ সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ মাকসুদা আক্তার লাইলী প্রমুখ।