গ্রীষ্মে বিজয়ের পর ভারতের জেন-জিদের সামনে অনিশ্চিত শীতকাল!
তিন মাসের মাথায় এসে পরিস্থিতি বদলে গেছে নাটকীয়ভাবে। এখন জড়ো হতে হিমশিম খেতে হচ্ছে জেন-জি বিক্ষোভকারীদের।
দিল্লির যন্তর মন্তরে জেন-জিদের বিক্ষোভস্থলে গত জুলাইয়ে উল্লাস ছড়িয়ে পড়েছিল। খবর এসেছিল, বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
উচ্ছ্বসিত এক বিক্ষোভকারী বলেছিলেন, “এটি তরুণ প্রজন্মের বিজয়।”
কিন্তু তিন মাসের মাথায় এসে পরিস্থিতি বদলে গেছে নাটকীয়ভাবে। এখন জড়ো হতেই বিক্ষোভকারী শিক্ষার্থীদের হিমশিম খেতে হচ্ছে, লিখেছে বিবিসি।
জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি-সিজেপি’ গত মাসে ভোটাধিকার নিয়ে বিক্ষোভের ডাক দিলে কঠোর বিধিনিষেধের মুখে পড়ে এবং শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে আটক করা হয়।
গ্রীষ্মকালে ভারতে ভিন্নমতের এক নতুন ঢেউ উঠেছিল। তরুণ প্রজন্মের গভীর হতাশা এই আন্দোলনের জন্ম দিয়েছিল। অনলাইনে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে গতি পেয়েছিল সেই আন্দোলন।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে জেন-জিদের এ আন্দোলন। প্রকাশ্য সমালোচনা কিংবা বিদ্রূপে অনভ্যস্ত এবং শক্তিশালী ভাবমূর্তি নিয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই আন্দোলন সামাল দিতে বেশ বেগ পেতে হয়।
তবে এখন মোদি সরকারের চেহারা ভিন্ন। জননিরাপত্তার যুক্তি দেখিয়ে ভিন্নমতের দমনের পথ হাঁটছে তারা। ক্রমেই কঠোর হয়ে ওঠা নিরাপত্তাব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে, বিক্ষোভকারীদের দাবির কাছে বিরল এক ছাড় দেওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে সরকার।
যদিও কঠোরতা আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম।
বিবিসিকে সৈয়দ জাফর ইসলাম বলেন, “প্রতিবাদ করার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত। তবে তা অবশ্যই আইনের আওতায় থেকেই করতে হবে।
“অন্যদের অধিকার ক্ষুণ্ন করে কিংবা জননিরাপত্তার বিনিময়ে এই অধিকার প্রয়োগ করা যাবে না।”
মোদি সরকার এর আগেও বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি হয়েছে।
তবে এবারের আন্দোলনের ব্যাপকতা বিজেপির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক সভাপতি এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক যামিনী আয়ার।
অধ্যাপক আইয়ার বলেন, “এ আন্দোলনকে জাতপাত, লিঙ্গ বা অর্থনৈতিক শ্রেণি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। এমনকি বিজেপির মূল সমর্থকগোষ্ঠীর কিছু অংশ—উচ্চাকাঙ্ক্ষী এবং নিম্ন আয়ের মানুষও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছেন।”
বিবিসি লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির কারণে তরুণ প্রজন্মের এই বিক্ষোভ বিস্তৃতি পেয়েছে। অনলাইনে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ-বিদ্রূপ করে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের অলিখিত নিষেধাজ্ঞা ভেঙে দিয়েছেন বিক্ষোভকারীরা ।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত সাখি বলেন, “বিষয়টি কেবল হাসি-ঠাট্টার বিষয় নয়।
“আগের প্রজন্মের মানুষ প্রতিক্রিয়া জানাতে যে ভয় পেতেন, আমাদের প্রজন্মের মধ্যে সেই ভয় নেই। কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা হয়ে উঠেছে কৌতুক।”
অধ্যাপক যামিনী আয়ারের মতে, অতীতের আন্দোলনও মোদির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে সেগুলোকে সমাজের ক্ষুদ্র অংশের মানুষের আন্দোলন বলে চালিয়ে দেওয়া কিংবা ‘জাতীয়তাবিরোধী’ আখ্যা দিয়ে খারিজ করা অনেক সহজ ছিল।
২০২০ সালে বিতর্কিত কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ এর একটি উদাহরণ। আন্দোলনকারীরা দিল্লির প্রবেশ পথ বন্ধ করে দিয়েছিল। এরপর রাজধানীর সীমান্ত এলাকায় কয়েক মাস ধরে বিক্ষোভ চলে, সে সময় সংঘর্ঘের ঘটনাও ঘটে। প্রায় এক বছর ধরে বিক্ষোভ চলার পর সরকার শেষ পর্যন্ত সংস্কার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল।
২০১৯ ও ২০২০ সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভও মনে করিয়ে দেয়, কাউকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলে বিচার বিভাগের ক্ষমতা কীভাবে প্রয়োগ হতে পারে।
ওই আন্দোলনের সময় দিল্লিতে সংঘর্ষে ৫৩ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। শিক্ষার্থী অধিকারকর্মী উমর খালিদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। সহিংসতার ‘প্রধান ষড়যন্ত্রকারী’ হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।
খালিদের বিচার এখন পর্যন্ত শুরু না হলেও ছয় বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। চলতি মাসে খালিদের সর্বশেষ আপিল দায়ের করা হয়েছে।
খালিদের সহযোদ্ধা বনজ্যোৎস্না লাহিড়ী বিবিসিকে বলেন, “আমাদের কোনো অনুশোচনা নেই। তবে এই পরিস্থিতি আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, যা এখনো রয়ে গেছে।”
বনজ্যোৎস্না বলেন, “আমরা এখন যেন এক অন্ধকার অসীম শূন্যতার দিকে তাকিয়ে আছি। এই পরিস্থিতির শেষ কোথায়, তা আমরা জানি না।”
বিক্ষোভের গতি কমেছে, বাড়ছে ধরপাকড়
যামিনী আয়ারের বিশ্বাস, বিক্ষোভকে ‘অবৈধ’ বা ‘অগ্রহণযোগ্য’ প্রমাণ করতে সরকার বিরোধীদের বিরুদ্ধে এখন এক পরিচিত ছকই ব্যবহার করছে। যদিও সেই প্রচারণা আগের মতো আর গ্রহণ ততটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
বিবিসি লিখেছে, তা সত্ত্বেও তরুণদের আন্দোলন গ্রীষ্মকালের মতো আর গতি পাচ্ছে না।
ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসসহ শীর্ষ নেতারা বারবার আটক হচ্ছেন। সৌরভ দাস ও আশুতোষ রানকাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের দায়ে দিল্লির তিহার জেলে থাকতে হয়েছে কয়েকদিন।
গ্রীষ্মকালে যে যন্তর মন্তর ছিল জেন-জিদের বিজয়ের প্রতীক, সেই স্থানকেই সরকার অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়েছে। যদিও আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছে।
শুধু ককরোচ পার্টিই নয়, বামপন্থী অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের বিক্ষোভকারীরাও পুলিশের ধরপাকড়ের মুখে পড়ছেন।
সৌরভ দাস বলেন, “আমরা এক ধরনের দমন-পীড়নের আশঙ্কাই করছিলাম। কেননা, গ্রীষ্মের আন্দোলনের পর সরকার অনেক কিছু শিখেছে।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনি প্রক্রিয়ার হাত দিয়েই বিক্ষোভকারীদের ভেতরে ভীতি তৈরি করা হতে পারে।
লয়েড ল’ কলেজের সহকারী অধ্যাপক আলী খান বলেন, “অনেক মামলায় শেষ পর্যন্ত আসিমারা খালাস পেতে পারেন। কিন্তু সেই প্রক্রিয়ায় বছরের পর বছর লেগে যেতে পারে।
“বিচার প্রক্রিয়াটিই এখানে একধরনের শাস্তি হিসেবে পরিণত হবে, যা অন্য বিক্ষোভকারীদের নিরুৎসাহিত করতে পারে।”
এ বিষয়ে সিজেপিকে আইনি পরামর্শদাতা ও সংবিধানবিষয়ক আইনজীবী বৃন্দা গ্রোভার মনে করেন, বিক্ষোভের ওপর আরোপিত বিধিনিষেধ মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে।
বৃন্দা গ্রোভার বলেন, “যারা বিক্ষোভের আয়োজন করছেন, তারা বারবার জোর দিয়ে বলছেন যে আন্দোলনটি অহিংস।
“অথচ আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে মানুষের অধিকার ক্রমাগত সংকুচিত করা হচ্ছে,” বলছেন তিনি।
যদিও শান্তিপূর্ণ ভিন্নমত দমনের অভিযোগ প্রত্যাখ্যান করছে বিজেপি।
বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বিবিসিকে বলেন, “মুষ্টিমেয় কিছু লোক বিক্ষোভ করার কথা বলে তো তারা অন্য নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করতে পারেন না, সংঘাত চালাতে পারেন না।”
অনলাইনেও নিরাপদ নন আন্দোলনকারীরা
অনলাইনে ভিন্নমত প্রকাশ করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাখির ছড়িয়ে পড়া পোস্টগুলোর কারণে তাকে ব্যক্তিগত আক্রমণ এবং ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে আক্রমণ করা হয়েছে।
বিবিসি এমন কিছু পোস্ট দেখেছে, যেখানে তাকে হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
এ ধরনের হুমকির কারণে সাখি কখনো কখনো বিক্ষোভে যাওয়া থেকে বিরত থাকছেন। এমনকি তাকে পোশাকের ধরনও বদলাতে হয়েছে।
সাখি বলেন, “মানুষকে হাসানোর চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত দেশবিরোধী তকমা পেতে হচ্ছে।
“তারা চায় আমি যেন মানসিকভাবে ভেঙে পড়ি।”
সাখির দাবি, তার কিছু কনটেন্ট লাখ লাখবার দেখা হওয়ার পর সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি অবস্থার সঙ্গে তুলনা
বিবিসি লিখেছে, সিজেপি নেতারা সরকারের এই দমন-পীড়নকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে নাগরিক স্বাধীনতা স্থগিত করেছিলেন এবং রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন।
তবে এখনো ভিন্নমত পুরোপুরি দমন করা যায়নি। বিরোধী দলগুলো জেন-জিদের শূন্যস্থান আংশিক পূরণ করেছে।
গত ১ নভেম্বর দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ সমাবেশের আয়োজন করে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ হাজার হাজার মানুষ ওই সমাবেশে অংশ নেন।
সিজেপির নেতারা জোর দিয়ে বলছেন, এই আন্দোলনের পরিধি তাদের সংগঠনের চেয়েও অনেক বড়।
২১ অক্টোবর দিল্লির তিহার কারাগার থেকে বেরিয়ে আসার সময় সৌরভ দাসের মুখে ছিল হাসি। সংবাদমাধ্যমে এসেছিল তার সেই মুহূর্তের ছবি।
আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার দাবি নাকচ করে সৌরভ দাস বলেন, “আমি শুধু এটুকুই বলব—অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। সময় আমাদের পক্ষেই আছে। আমরা খুব তরুণ একটি প্রজন্ম।”
