আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার, ১৬ বছর পর যাবজ্জীবন
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, “মাদকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন অপরিহার্য।”
ঢাকার সিদ্ধেশ্বরীতে ১৬ বছর আগে আড়াই কেজির বেশি হেরোইন এবং সাত হাজার ইয়াবা উদ্ধারের এক ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দুই আসামির মধ্যে সাইফুল আজমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি শাহরিয়ার ইমনকে দেওয়া হয়েছে ১০ বছর কারাদণ্ড।
এছাড়া অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি আলমগীর হোসেন শামীমকে আদালত খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক উজ জামান।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “বর্তমানে মাদকের কালো থাবা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। দেশের যুবসমাজ নেশাজাতীয় মাদক হেরোইন, ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং মাদকের ব্যবহারে মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, যা আমাদের কারও কাম্য নয়। তাই মাদকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন অপরিহার্য।”
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ মে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার এক বাসায় অভিযান চালিয়ে আসামি সাইফুল আজমের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অপর আসামি শাহরিয়ার ইমনের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ হাজার ৪২৫টি ইয়াবা।
ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম শামসুল কবির বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
২০০৯ সালের ৩১ অগাস্ট তিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু তরে আদালত।রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
