‘সবুজ পৃথিবীর সন্ধানে’ সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চূড়ান্ত পর্বে চারটি গ্রুপের মধ্যে সেরা হয় ‘দ্য প্রাইম গ্রুপ’।
পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ‘সবুজ পৃথিবীর সন্ধানে’ (গ্রিন আর্থ কোয়েস্ট) প্রতিযোগিতার মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ‘দ্য প্রাইম গ্রুপ’।
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) আয়োজনে শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চূড়ান্ত পর্বে চারটি গ্রুপের মধ্যে সেরা গ্রুপ নির্বাচিত করা হয়।
ইএটিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬টি দলের মধ্যে চারটি দল চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম রানার্স-আপ হয় ফেনী গার্লস ক্যাডেট কলেজের দ্যা কুইজেনগামট। দ্বিতীয় রানার্স-আপ হয় ময়মনসিংহ জেলা স্কুলের ইনভিন্সিবল দল এবং তৃতীয় রানার্স-আপ গোপালগঞ্জের সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) জিকেইউআই কুইজ ক্লাব।
গত বছরের অগাস্টে এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হলে সারা দেশ থেকে মাধ্যমিক স্তরের মোট ৬২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের ১৬ হাজার ২৪৩ দলে বিভক্ত করা হয়। এর মধ্যে থেকে ১২৮টি দল অনলাইন রাউন্ডে বিজয়ী হয়।
চূড়ান্ত পর্বে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী-কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
