‘ভাতিজাকে খুনের পর চাচার আত্মহত্যা’, ছয় বছর পর জানা গেল দুটোই খুন
২০১৭ সালের ৬ নভেম্বর রাত ৩টার দিকে 'কথা এন্টারপ্রাইজ প্রেস' এর মেসে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সহকর্মীদের হাতে খুন হন সোহেল মিয়া (২৫) ও তার চাচা ইকবাল হোসেন (৫৫)।
ছয় বছর আগের দুটি মৃত্যুর ঘটনা তদন্তের পর জানা গেছে, সম্পর্কে চাচা-ভাতিজা ওই দুজনই খুন হয়েছিলেন। আর ঘটনাটি ঘটে রাজধানীর কদমতলীর একটি ছাপাখানায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্য মিলেছে।
বুধবার ধানমণ্ডিতে পিবিআই সদরদপ্তরে সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার জানান, প্রথমে ভাতিজাকে এবং পরে চাচাকে হত্যা করা হয়। পরে চাচার লাশ পাওয়া গেলে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন হত্যাকারীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের ৬ নভেম্বর রাত ৩টার দিকে 'কথা এন্টারপ্রাইজ প্রেস' এর মেসে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সহকর্মীদের হাতে খুন হন সোহেল মিয়া (২৫) ও তার চাচা ইকবাল হোসেন (৫৫)।
সোহেল ও ইকবালের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ঘুনিপাড়ায়।
পিবিআই কর্মকর্তা বনজ কুমার বলেন, “ওই রাতে লাইট বন্ধ করাকে কেন্দ্র করে প্রেসের কর্মচারীদের সঙ্গে ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মচারীরা ইকবালকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে। সোহেল ঘুম থেকে উঠে তার চাচাকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে তাকেও লোহার রড দিয়ে এক কর্মচারী আঘাত করে।
“পরে হত্যকারীরা ইকবালের লাশ লুকিয়ে রেখে গল্প সাজায়, ইকবাল রড দিয়ে সোহেলকে আঘাত করে পালিয়ে গেছে। প্রেসের কর্মচারী মো. হাসান মিয়া রাতে ইকবালের স্ত্রী পারভীন বেগমকেও ফোন করে জানায়, সোহেলকে লোহার রড দিয়ে পিটিয়ে পালিয়ে গেছে তার স্বামী ।”
তিনি বলেন, “কর্মচারীরা সোহেলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাকে পান্থপথের ইউনি হেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোহেল মারা যায়।”
ওই ঘটনায় সোহেলের ছোট ভাই মো. সাইদুর রহমান বাদী হয়ে ইকবালকে (৫৫) আসামি করে কদমতলী থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোহেল হত্যার তদন্তে নেমে থানা পুলিশ জানতে পারে, মামলার এজাহারনামীয় পলাতক আসামি ইকবাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বরপা বিক্রমপুর স্টিল মিলের সীমানা প্রাচীরের পাশে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
ইকবালের স্ত্রী এবং ভাতিজা রূপগঞ্জ থানায় গিয়ে তার লাশ শনাক্ত করে জানিয়ে বনজ কুমার বলেন, “ইকবালের মৃত্যুর সংবাদ জানার পর মেসের কর্মচারীরা রটাতে থাকেন, সোহেলকে হত্যার ঘটনায় ইকবাল অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছেন।”
পরে পুলিশ সোহেল হত্যা মামলা থেকে ইকবালকে অব্যাহতি দিয়ে ২০১৮ সালে ২৭ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয়।
ইকবালের আত্মহত্যার ঘটনায় প্রথমে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়। তবে পরে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যা উল্লেখ থাকায় ইকবালের স্ত্রী কথা প্রেসের ১০ জন কর্মচারীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ইকবাল হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছিল। ২০১৮ সালের ২২ মে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ সদর দপ্তর।
তদন্তে নেমে পিবিআই এজাহারবহির্ভূত আসামি জাহানুর ও জামালকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো তথ্য দেননি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা কোনো গাড়িতে করে ইকবালের লাশ রূপগঞ্জের বরপায় নিয়ে যেতে পারে এমন ধারণা থেকে ওই প্রেসের নিরাপত্তা ও গাড়িচালক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কয়েকটি গাড়ির সন্দেজনক চলাচলের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে ধোলাইখাল থেকে একটি গাড়িসহ চালক মো. নুর আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে নুর আলম জানান, ২০১৭ সালে তিনি মো. বাদল মিয়ার পিকআপ চালাতেন।
বনজ কুমার মজুমদার বলেন, “নুর ও বাদলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা লাশ গুম করার কথা স্বীকার করে এবং প্রেসের কর্মচারীরা হত্যাকাণ্ডে জড়িত বলে জানায়। তারা জানায়, লাশ গুমে তাদেরকে সহযোগিতা করেছে জামাল, মামুনসহ মোট ৭ জন।”
গ্রেপ্তার নুর ও বাদল পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তার দুইজনের কাছ থেকে তথ্যের বরাতে পিবিআই প্রধান বনজ কুমার বলেন, “হত্যাকারীরা নুর আলম এবং বাদলের সঙ্গে কথা বলে ২০ হাজার টাকায় পিকআপ ভাড়া করে। পরে বাদল এবং নুর আলম পিকআপটি নিয়ে প্রেসে আসে।
“ইকবালের লাশ গাড়িতে উঠিয়ে নেওয়া হয় রূপগঞ্জের বরপায়। সেখানে লাশের গলায় গামছা পেঁচিয়ে বিক্রমপুর স্টিল মিলের বাউন্ডারি ওয়ালের পাশে গাছে ঝুলিয়ে রাখে তারা। পাঁচদিন পর স্থানীয়রা ইকবালের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।”
দুটি হত্যাকাণ্ডে ১৪ জন জড়িত জানিয়ে তিনি বলেন, এই পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
