২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিন ভাসার পর ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৪০ জন উদ্ধার

এদের মধ্যে ১০০ জনকে ইতালির সিসিলিতে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:20 PM

Updated : 06 Apr 2023, 08:11 PM

চার দিন ধরে ভূমধ্যসাগরে ধুকতে থাকা একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৪০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ডক্টর্স উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের একটি সংগঠন তাদের উদ্ধার করে বলে রয়টার্স জানিয়েছে।

তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি কিংবা অন্য দেশের কতজন রয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি।

এক টুইটে সংস্থাটি জানায়, খারাপ আবহাওয়ার জন্য রাতভর চলা উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। শেষমেষ ৮ নারী ও ৩০ শিশুসহ প্রায় ৪৪০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় পানিশূন্যতার কারণে একজন অজ্ঞান হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য মাল্টায় পাঠানো হয়েছে।

পরে সংস্থাটি আরেক টুইটে জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ১০০ জনকে ইতালির সিসিলিতে নৌঘাটিতে স্থানান্তর করার কথা বলেছে কর্তৃপক্ষ। বাকি ৩৩৯ জনকে দেশটির আরেক শহর ব্রিন্দিসিতে পাঠানো হচ্ছে।

এর দুদিন আগে দুর্দশায় পড়া অভিবাসীদের ফোনের মাধ্যমে সহায়তা দেওয়া আরেক দাতব্য সংস্থা ‘অ্যালার্ম ফোন’ ভূমধ্যসাগরে ৪৪০ জন অভিবাসন প্রত্যাশীর একটি মাছ ধরার নৌকা খারাপ পরিস্থিতিতে পড়েছে বলে খবর পায়।

লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা এসব নাগরিকদের মধ্যে সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানালেও কোন দেশের কতজন তা জানা য়ায়নি।

অ্যালার্ম ফোনের মুখপাত্র ফ্লাভিয়া পেরগোলা বলেন, এমএসএফের উদ্ধার করা যাত্রীরা ১ এপ্রিল পূর্ব লিবিয়ার বেনগাজির কাছ থেকে যাত্রা করে। সমুদ্রে চার দিন অবস্থানের মধ্যে দুদিন তাদের না খেয়ে থাকতে হয়েছে।

“এদের একজন পানিশূন্যতা কারণে অজ্ঞান হয়ে পড়েছে, যাকে হেলিকপ্টারে করে মাল্টায় পাঠানো হয়েছে।”

এর আগে সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছের একটি মরু দ্বীপে আটকে থাকা ৩২ অভিবাসীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছিল ইতালির কোস্ট গার্ড।

এদিকে বছরের শুরু থেকেই ইতালিতে উত্তর আফ্রিকাসহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদের চাপ বেশ উর্ধ্বমূখী। গত তিন মাসে প্রায় ২৮ হাজার অভিবাসী দেশটিতে ঢুকেছে। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৮০০ জন।

পুরনো খবর:

নারী-শিশুসহ ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু