১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরিবহন শ্রমিকদের হামলায় আহত বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক

সাংবাদিক মাসুম বলেছেন, হামলা থেকে বাঁচতে তিনি দৌড়ে পুলিশের কাছে গেলেও তারা সহায়তা করেননি।

পরিবহন শ্রমিকদের হামলায় আহত বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক
পরিবহন শ্রমিকদের হামলায় ঘাড়ে আঘাত পেয়েছেন সাংবাদিক ওবায়দুর মাসুম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকের এ ঘটনায় আহত ওবায়দুর মাসুম ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

হামলার ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে ওবায়দুর মাসুম বলেছেন, মঙ্গলবার সকালে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন তিনি। 

মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে পরিবহন শ্রমিকরা মারধর করছে দেখে সেখানে থামেন তিনি। ঘটনার ছবি তোলার জন্য পকেট থেকে মোবাইল ফোন বের করেন তিনি। আর ওই ব্যক্তিকে কেন মারা হচ্ছে তা জানতে চাইলে পরিবহন বাস শ্রমিকরা তার ওপর হামলা করে।

মাসুম বলেন, “মোবাইল বের করলেও ঘটনার ছবি তুলতে পারিনি। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বেশ কয়েকজন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পাশাপাশি কিল-ঘুষি, লাঠি দিয়ে মারতে থাকে।

“এক পর্যায়ে সাহায্যের জন্য সেখানে থাকা দুজন পুলিশের কাছে দৌড়ে যাই। তারাও কোনো সহায়তা করেনি। সেখান থেকে কোনোমতে বের হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। তারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে, তবে ঘাড়ে ঘুষি দেওয়ায় সেখানে ব্যথা করছে বেশি।”

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন ওবায়দুর মাসুম।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

হামলায় আহত সাংবাদিক ওবায়দুর মাসুম পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। 

হামলায় আহত সাংবাদিক ওবায়দুর মাসুম পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা

সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিআরইউ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

ডিআরইউ নেতারা বলেন, ওবায়দুর মাসুমের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় বিএইচআরএফ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা দুঃখজনক। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছে ডুরা।

ডিইউজের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী চৌধুরী বিবৃতিতে বলেছেন, সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। 

বিবৃতিতে তারা বলেছেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনা এবং ছবি ফেইসবুকেও অনেকে পোস্ট করেছেন। সেসব পোস্টের মন্তব্যের ঘরে অনেকে এই ঘটনার নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।