‘অবৈধ সংযোগে’ তথ্য পাচারের অভিযোগ তদন্তে বিএসইসিতে দুদক
“বিএসইসির সার্ভেইল্যান্স কক্ষের বাইরে পরিচালকের ব্যক্তিগত কক্ষে সফটওয়্যারের একটি ডেডিকেটেড সংযোগ ছিল”, বলছে দুদক।
সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আরেক দফা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিএসইসির ‘সার্ভেইল্যান্স’ কার্যক্রমের একটি সফটওয়্যারের অবৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার, অর্থ আত্মসাৎ এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে এ অভিযানে যাওয়ার কথা বলেছে দুদক।
সোমবার দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে ‘এনফোর্সমেন্ট’ ইউনিটের চার সদস্য অভিযান চালান।
দুদক বলছে, ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসইসির সার্ভেইল্যান্স কক্ষের বাইরে পরিচালকের ব্যক্তিগত কক্ষে সফটওয়্যারের একটি ‘ডেডিকেটেড’ সংযোগ ছিল, যা বর্তমানে নেই।
গোপনীয় তথ্য সংবলিত এ সংযোগ পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে দুদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (সিএমডিপি) বাস্তবায়নও খতিয়ে দেখা হয়।
দুদক বলছে, ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হয় ২০২৪ সালে। প্রায় ২৮ কোটি টাকার প্রকল্পটির ‘প্রজেক্ট কমপ্লিশন’ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে। কিন্তু ‘আরআইএস’ সফটওয়্যারটি এখনও সক্রিয় ও হস্তান্তর হয়নি।
পরিদর্শনে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে গত ২ মার্চ বিএসইসির আইপিও অনুমোদন সংক্রান্ত অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক।
সেদিন দুদক বলে, বিভিন্ন প্রতিষ্ঠান ভুয়া তথ্যের ভিত্তিতে আইপিও অনুমোদন পেয়েছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশ ও পর্যবেক্ষণ সঠিকভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
‘প্রাইভেট প্লেসমেন্ট’ জালিয়াতি, অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি করে দ্রুত দামে পতন ঘটানো এবং বিএসইসির যথাযথ নিয়ন্ত্রণের অভাবে বিনিয়োগকারীদের ক্ষতির অভিযোগের কথাও সেদিন বলা হয়।
