শেখ রেহানার নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার দুজন রিমান্ডে
বদলির জন্য ভুয়া তদবির চালাতে গিয়ে ধরা পড়ছেন এই দুজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তার দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর তাদের দুদিন রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- তাওহিদ ইসলাম ও ইমরান হাসান মেহেদী।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার জসিমউদদীন জানিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ইমরান স্বাস্থ্য অধিদপ্তরের মাগুরা জেলা থেকে ময়মনসিংহে বদলির জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ১ অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে। সেই আবেদনের অনুলিপি দেন তাওহিদকে। পরে পরস্পর যোগসাজশে গত ৩১ অক্টোবর শেখ রেহানার ভুয়া সিল-স্বাক্ষর জাল করে তদবিরের সুপারিশ করে।
কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় র্যাবকে বিষয়টি জানায়। এরপর র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে মহাখালী থেকে গ্রেপ্তার করে ইমরান ও তাওহিদকে।
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান শাহীন বনানী থানায় মামলাটি করেন।
