২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দাবি

ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দাবি

গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাস গাজী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 11:03 PM

Updated : 18 Jan 2024, 11:04 PM

লালমনিরহাটে চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে ‘দৃষ্টান্তমূলক’ বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

বৃহস্পতিবার মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু ও সাধারণ সম্পাদক দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বুধবার সকালে ‘লালমনি এক্সপ্রেসে’ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রেলের তরফে মামলার পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

মহিলা ফোরামের বিবৃতিতে বলা হয়, “নারী নির্যাতন-ধর্ষণ দেশে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। যাতায়াতের জন্য ট্রেনকে অনেক বেশি নিরাপদ ভাবা হয়। রাতের যাতায়াতে নারীরা ট্রেনকে নিরাপদ মনে করে।

“কিন্তু ১৬ জানুয়ারি আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে ১৪ বছরের কিশোরী ভুলবশত উঠে পড়লে বগির অ্যাটেনডেন্ট তাকে খালি সিটে বসিয়ে লালমনিরহাট নিয়ে আসে এবং ভোরবেলা খালি কেবিনে নিয়ে ধর্ষণ করে। নিরাপত্তারক্ষীরা কিশোরীর কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে।”

পুরানো খবর:

লালমনি এক্সপ্রেসে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: হয়েছে মামলা-তদন্ত কমিটি

পুরানো খবর:

চলন্ত ট্রেনে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, অ্যাটেনডেন্ট গ্রেপ্তার

গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে এর আগেও নারীরা ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “কিন্তু সেসকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বা নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ট্রেনে ধর্ষণের এই ঘটনা গণপরিবহন ব্যবহারে নারীর নিরাপত্তাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে দিল।"