সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ
“বিগত সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থলোপাট নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও মিলেছে”, বলে উপদেষ্টা আসিফ।
সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা। আকস্মিক এ অগ্নিকাণ্ডের কারণে উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন তিনি।
“আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।”
বিজ্ঞপ্তিতে উপদেষ্টা আসিফ বলেন, “ষড়যন্ত্রকারীরা থেমে নেই; আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
“স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট ও দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।”
বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়।
দশ তলা ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তরও রয়েছে সেখানে।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরো পড়ুন
