Published : 17 Jul 2023, 10:52 PM
ঢাকার মতিঝিলে পুলিশের হাতে কয়েকজন সাংবাদিককে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি দীপু সারোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সোমবার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
গত ১৪ জুলাই রাতে মতিঝিলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নিজেদের মধ্যে কথা বলার সময় ‘লাঞ্ছিত’ হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেখ আবু তালেব, আজকের পত্রিকার জয়নাল আবেদীন খান, আমার সংবাদের রেদওয়ানুল হক, দেশ রূপান্তরের এ জেড ভূঁইয়া আনাস, অর্থসূচকের মো. সুলাইমান ও দ্য ডেইলি পোস্টের আল ইহসান।
এ ঘটনায় মতিঝিল থানায় দেওয়া লিখিত অভিযোগে ছয় সাংবাদিক বলেন, তাদের মধ্যে আলোচনাকালে মতিঝিল থানার এএসআই মোর্শেদের নেতৃত্বে কনস্টেবল নাইমুল ও হুমায়ূন মারমুখী হয়ে তাদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেন। ‘অসদাচারণের’ প্রতিবাদ জানালে আমার সংবাদের রেদওয়ানুল হককে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন নাইমুল নামের এক কনস্টেবল।
এসময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেখ আবু তালেব ওই কনস্টেবলের পুরো নাম জানার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি আঘাত পান এবং তার মোবাইল ফোন ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরিচয় দেওয়া সত্ত্বেও তারা তাচ্ছিল্যর সুরে ‘কোথাকার সাংবাদিক’ বলে কটুক্তি করে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিআরইউয়ের বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমকর্মীদের এভাবে লাঞ্ছিত করার ঘটনা ন্যাক্কারজনক। এটা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়।”
সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।