২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

এ নিয়ে তিন দিনের শুনানিতে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 07:20 PM

Updated : 12 Dec 2023, 08:03 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন।

এ নিয়ে তিন দিনের শুনানিতে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। রোববার থেকে সেখানে শুনানি চলছে।

এ দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি শেষে ৬১ জন হাসিমুখে বের হলেও বাতিল আদেশ বহাল ছিল ৩৫ জনের। এদিন স্থগিত রাখা হয়েছে দুটি।

শুনানির তৃতীয় দিন মঙ্গলবার প্রথম ভাগে ৩৬ জন প্রার্থিতা ফিরে পান। তাদের মধ্যে বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।

এর আগে শুনানি শুরুর প্রথম দিন রোববার ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়, ৩২ জনের নামঞ্জুর এবং ৬টির সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৫১ জন। নামঞ্জুর হয়েছে ৪১ জনের।

৭ জানুয়ারির ভোটে প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে বাতিল হয় ৭৩১টি মনোনয়নপত্র। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি ।

পুরনো খবর:

তৃতীয় দিনের শুনানি: প্রথম ভাগে প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন
আপিল শুনানি: দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন অর্ধশতাধিক