২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত: কভার্ডভ্যান চালক রিমান্ডে

ঢাকার লালবাগে কভার্ডভ্যানে পিষ্ট হন বাইক আরোহী সেই তরুণী।

বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত: কভার্ডভ্যান চালক রিমান্ডে

গ্রেপ্তার কভার্ডভ্যান চালক শামীম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 07:40 PM

Updated : 02 Apr 2023, 07:40 PM

ঢাকার লালবাগের বেড়িবাঁধ এলাকায় কভার্ডভ্যানের চাপায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না নিহতের ঘটনায় করা মামলায় গাড়িটির চালক শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

রোববার আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে হাকিম মোহাম্মদ জসিম আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না গত ৩১ মার্চ ঢাকার ধানমণ্ডি আবাহনী মাঠের সামনে থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় ফিরছিলেন। লালবাগ বেড়িবাঁধ এলাকায় একটি কভার্ডভ্যানকে মোটরসাইকেলটি অতিক্রমের সময় ধাক্কা লেগে পড়ে যান পেছনে বসা সানজিদা। এরপর কভার্ডভ্যানটি সানজিদার উপর দিয়ে চলে যায়।

সানজিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করা হয়।

পুরনো খবর:

ঢাকার সড়কে বাইক আরোহী বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত