ঢাকার সড়কে বাইক আরোহী বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
লালবাগ বেড়িবাঁধে ঘটেছে এই দুর্ঘটনা।
ঢাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে বাইক আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী।
নিহতের নাম সানজিদা আক্তার তামান্না। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেতপুর গ্রামের তামান্না কামরাঙ্গীরচরে এক ভাড়া বাসায় থেকে পড়াশুনা করতেন।
শুক্রবার রাতে লালবাগ বেড়িবাঁধ তিনি দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে।
লালবাগ থানার এসআই আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক কাজে ধানমণ্ডি এলাকায় গিয়েছিলেন তামান্না। কাজ সেরে আবাহনীর মাঠের কাছ থেকে রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেলে চড়ে কামরাঙ্গীরচরে ফেরার সময় বেড়িবাঁধে শামীম গার্মেন্টসের সামনে দুর্ঘটনায় পড়েন।
রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা ঘটার পর তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বলেন, এই তরুণী মারা গেছেন।
মোটর সাইকেলের চালক মেহেদী হাসান কভার্ড ভ্যানটি ‘ওভারটেক’ করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে এসআই আক্তার জানান।
দুর্ঘটনায় মেহেদীর শারীরিক কোনো ক্ষতি হয়নি। তবে বেপরোয়া চালানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই আক্তার জানান
কভার্ড ভ্যানটি এবং এর চালক শামীম আহমেদকেও (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এসআই আক্তার জানান, কভার্ড ভ্যানের কোনো রেয়ার ভিউ মিরর ছিল না। কাগজপত্র ঠিক আছে কি না, যাচাই করা হচ্ছে।
