২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ঢাকায় গাড়ি নিয়ে প্রতিযোগিতায় নামলে আইনি ব্যবস্থা: পুলিশ কমিশনার

বরাবরের মতো এবারও ঈদে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খন্দকার গোলাম ফারুক আবারও ঘরমুখো মানুষদের স্বর্ণ বা নগদ টাকাসহ মূল্যবান মালামাল কারো কাছে রেখে যাওয়ার পরামর্শ দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 27 Jun 2023, 05:33 PM

Updated : 27 Jun 2023, 05:33 PM

ঈদুল আজহায় ফাঁকা হয়ে পড়া রাজধানীর রাস্তায় যারা গাড়ি নিয়ে প্রতিযোগিতায় নামবেন, তাদরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঈদযাত্রাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শে‌ষে তিনি বলেন, “পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকার কারণে গত ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারও আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব। আমাদের টহল পু‌লিশ থাকবে সার্বক্ষ‌ণিক, সি‌সি ক্যামেরা থাকবে, ডি‌বি পু‌লিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে।”

ঈদের কারণে ঢাকা ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগে বিভিন্ন সড়কে মোটরসাই‌কেল বা কার রে‌সিং হয়ে থাকে।

পুলিশ কমিশনার এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধর‌নের রেইস যারা করবেন তাদের আইনের আওতায় আনা হবে। ফাঁকা রাস্তায় ব্যারিকেড দিয়ে রেস করায় নিরূৎসাহিত করা হবে। তারপরও সবাইকে সতর্ক কর‌ছি, আপনারা এ ধরণের রেস করবেন না।”

বরাবরের মতো এবারও ঈদে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খন্দকার গোলাম ফারুক আবারও ঘরমুখো মানুষদের স্বর্ণ বা নগদ টাকাসহ মূল্যবান মালামাল কারো কাছে রেখে যাওয়ার পরামর্শ দেন।

যাত্রাপথে মলমপার্টি, অজ্ঞান পার্টি থেকে সতর্ক থাকার আহহ্বানও জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, “চোর,  মলম পা‌র্টি ও অজ্ঞান পা‌র্টিসহ এ ধরণের অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। এই কয়দিনে ছয়শতাধিক পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঈদে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, অভিযোগ পেলেই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

“ভাড়া বেশি আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করবেন।”

রাজধানীর কোরবা‌নির হাটগু‌লো‌তে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, হাটের কারণে যেন যানজট না হয়, সে দিকে পুলিশের সতর্ক দৃ‌ষ্টি রয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

এসময় জাল টাকার ছড়াছড়ি হয়ে থাকে উল্লেখ করে তিনি জানান, প্রতি হাটে জাল টাকা শনাক্তের মেশিন রয়েছে। যে কেউ এর সহযোগিতা নিতে পারেন।

আর নগদ টাকা পরিবহনে সহযোগিতা দিতে পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি।