পুরান ঢাকায় পুড়ল দোকান, রিকশার গ্যারেজ
অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আগুন লেগে পুড়ে গেছে দোকান ও রিকশার গ্যারেজ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রোববার ভোর ৪টার দিকে গেণ্ডারিয়া পুকুর পাড়ে আগুন লাগে। খবর পেয়ে সূত্রাপুর ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই ছোট ছোট দশটি টিন শেডের প্লাস্টিক ও ভাঙারির দোকান এবং একটি রিকশার গ্যারেজে আগুনে পুড়ে যায়।
রাকিবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
