শাহজালালের নির্মাণাধীন টার্মিনালে দুর্ঘটনামুক্ত থাকতে প্রার্থনা
“এ বিশাল কর্মযজ্ঞ চলাকালে কাজের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ মানের নিরাপত্তা বজায় রাখা হয়েছে,” বলেন বেবিচক চেয়ারম্যান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল প্রকল্পের কর্মক্ষেত্র দুর্ঘটনামুক্ত রাখতে বিশেষ প্রার্থনা হয়েছে।
রোববার সকাল ১০টায় এ অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান যোগ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ দিন সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
অনুষ্ঠানে মফিদুর রহমান বলেন, “দ্রুততার সাথে গুণগত মান বজায় রেখে কাজটি এগিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অতি দ্রুততার সাথে নির্মাণ কাজ এগিয়ে যাবে যেখানে সকলকে নিরাপত্তার প্রতি আরও অধিকতর মনোযোগী হতে হবে।
“এই তৃতীয় টার্মিনাল নিমার্ণ কাজটি সরকারের অগ্রাধিকার ও বৃহৎ প্রকল্পগুলোর একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, দিক নির্দেশনা ও পরামর্শে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কোভিড মহামারীর প্রভাবে যখন সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, সেই সময়েও প্রধানমন্ত্রীর সময়োচিত প্দক্ষেপের কারণে তৃতীয় টার্মিনালের কাজ এক দিনের জন্যও থেমে থাকেনি।”
ঠিকাদার প্রতিষ্ঠানের নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করে বেবিচক চেয়ারম্যান বলেন, “এ বিশাল কর্মযজ্ঞ চলাকালে কাজের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ মানের নিরাপত্তা বজায় রাখা হয়েছে। প্রকল্পে নিয়োজিত প্রতিটি কর্মী ও শ্রমিক সেইফটি সংক্রান্ত প্রশিক্ষণে উত্তীর্ণ হয়ে কাজে যোগ দিয়েছেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলাম।
