১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রবাসে এনআইডি সেবা: মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ

এছাড়া সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিলেও হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হওয়ার সুযোগ দিল নির্বাচন কমিশন। 

ইতোমধ্যে ১০টি দেশের ১৭টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা এবং এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় ভোটার নিবন্ধন আরও সহজ করা হল। 

এখন থেকে প্রবাসে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বাংলাদশি পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে। 

এছাড়া সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিলেই হবে। 

বুধবার ইসির এনআইডি উইং এর পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরে এ বিষয়ে ইসির নির্দেশনার চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও হাই কমিশনারের পাঠানো হয়। 

বুধবার জারি করা ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন’ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, প্রবাসীদের মধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান, তাদের কিছু নথিপত্র জমা দিতে হবে।  

আবেদনপত্র, পাসপোর্টের কপি/তিন এনআইডিধারী প্রত্যয়নপত্র, ফটো, জন্মসনদ নিবন্ধনকেন্দ্রে জমা দিতে হবে। 

প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্তকারী কর্মকর্তা বা রেজিস্ট্রেশন অফিসারের (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) কাছে জমা দেওয়া যাবে।  

অনলাইনে পূরণ করা আবেদনপত্রের [ফরম-২(ক)] তথ্য সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করবেন। 

বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এনআইডি সেবা সহজীকরণে নানা ধরেনের পদক্ষেপ নিচ্ছে। এমন তৎপরতার মধ্যে প্রবাসীদের ভোটার করার বিষয়টি সহজ করার সিদ্ধান্ত এল। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সিইসিকে অনুরোধ করেছিলেন, প্রবাসে সাধারণ পাসপোর্টধারীদেরও যেন তালিকাভুক্ত করা হয়। কোনোভাবে যেনো ভুয়া পাসপোর্টধারী ভোটার হতে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন ও যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন

জাপান ও কানাডায় চালু হচ্ছে এনআইডি সেবা

এনআইডি সংশোধনসেবা নিয়ে দুর্ভোগ 'কমেছে', দাবি ইসি সচিবের

এনআইডি সংশোধন৩ মাসে নিষ্পত্তি 'পৌনে ৩ লাখআবেদন

এনআইডি সেবা সহজীকরণে 'তৎপরইসি

প্রবাসী ভোটকীভাবে পোস্টাল ব্যালট সামলাবে ইসিচ্যালেঞ্জ কোথায়?