২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের প্রলোভন: ‘অহিংস গণঅভ্যুত্থানের’ মাহবুবুল গ্রেপ্তার

এক থেকে পাঁচ লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে সারাদেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা করে সংগঠনটি।

ঋণের প্রলোভন: ‘অহিংস গণঅভ্যুত্থানের’ মাহবুবুল গ্রেপ্তার
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 11:56 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

বিনা সুদে লাখ টাকা ঋণের ‘প্রলোভন দেখিয়ে’ সারাদেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টার অভিযোগে মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের অন্যতম এই সংগঠককে সোমবার রাতে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

রাত সোয়া ৮টায় ঢাকার শান্তিনগর এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করেছে বলে বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মাহবুবুল অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংগঠনটির 'আহ্বায়ক' মোস্তফা আমীনসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, “যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার শাহবাগে জমায়েত করার চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনটি। তবে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদেরকে জড়ো হতে দেয়নি।

সোমবার শাহবাগে জমায়েত করার চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনটি। তবে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদেরকে জড়ো হতে দেয়নি।

ঋণের প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা করে 'অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ' নামের সংগঠনটি।

রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভর্তি করে শতাধিক বাস, পিকআপ ও মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে।

যারা আসেন তাদের বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। তাদেরকে বলা হয় শাহবাগে সমাবেশ হবে, সেখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে ‘এক থেকে পাঁচ লাখ টাকা’ ঋণ দেওয়া হবে। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে এই ঋণ দেওয়া হবে বলে এদেরকে বলা হয়।

২৫ নভেম্বর ‘রাজধানীর শাহবাগে মহাসবেশ’ লেখা ব্যানারও দেখা গেছে কয়েকটি গাড়িতে।

মোস্তফা আমীন নামের এক ব্যক্তির নামে লিফটলেট পাওয়া গেছে সেখানে আসা অনেকের কাছে। লিফলেটে মোস্তফা আমীনকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে শাহবাগ এলাকায় আসা গাড়িভর্তি লোকজনকে জমায়েত হতে দেওয়া হয়নি, কথা বলে প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দিয়েছেন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

ঋণের 'প্রলোভন': 'ঢাকায় বাস থাইক্যে নামবারও পারি নাই, দেহি মারামারি'

ঋণের ‘প্রলোভনে’ শাহবাগে জমায়েতের চেষ্টা, ফিরিয়ে দিল পুলিশ-শিক্ষার্থীরা