ঋণের ‘প্রলোভন’: ‘ঢাকায় বাস থাইক্যে নামবারও পারি নাই, দেহি মারামারি’
মানিকগঞ্জ থেকে ঢাকায় বাসে করে লোকজন নিয়ে আসার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
“বিনা সুদে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার আশা দেহাইয়া ঢাকা নিয়া গেল! আমরা কি জানতাম ওইহানে আন্দোলন অইব? বাস থাইক্যে নামবারও পারি নাই, ওই হানে (শাহবাগে) যাওয়ার পরই দেহি মারামারি। কয়জন ছাত্র আমাগো বাসে ওইঠা লাঠি দিয়া মাইরও দিছে।”
সোমবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাসার সামনে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন ঢাকার শাহবাগে যাওয়া রোকসানা আক্তার।
সকালে সদর উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানাসহ শহর থেকে ছয়টি বাসে চার শতাধিক নারী-পুরুষ ঢাকায় আসেন। তাদের সবাইকে বিনা সুদে ঋণ পাওয়া আশায় শাহবাগে ডাকা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পরে তাদের ফেরত পাঠানো হয়।
ঢাকায় লোকজন জমায়েত করার অভিযোগে সদর উপজেলার দবির হোসেন, তার স্ত্রী চামিলী আক্তার, হাসিনা আক্তার এবং সিংগাইর উপজেলার জহুরা বেগম ও দেলোয়ার হোসেনকে আটক করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানুল্লাহ।
ভুক্তভোগীরা জানান, সকালে বিনা সুদে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ নারী-পুরুষকে জরিনা কলেজের সামনে জড়ো করা হয়। এ ছাড়া আগেই তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়। পরে দবির ও হাসিনা আক্তারের নেতৃত্বে সাতটি বাসে করে তাদের ঢাকার শাহবাগের উদ্দেশে রওনা করা হয়।
শাহবাগ যাওয়ার পর পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই তাদের মানিকগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়। পরে দবির হোসেনের বাড়ি ঘেরাও করেন তারা। এ সময় ভুক্তভোগীরা দবিরকে আটকে রেখে তার কাছে টাকা ফেরত চান।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথবাহিনীর সদস্যরা দবির ও হাসিনাকে আটক করে নিয়ে যান।
ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, “মুহাম্মদ ইউনূসের একটা সমাবেশ শেষে নিরীহ সাধারণ মানুষকে সুদমুক্ত লাখ লাখ টাকা ঋণ বিতরণ করা হবে। এ বিষয়টি তাদের জানানো হলে, তারা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে দিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়।
“সকালে জরিনা কলেজ থেকে ছয়টি বাসে চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশে রওনা দেন। দবির এলাকার লোক, দবিরকে তারা আগে থেকেই চিনেন। এর জন্য তার কথায় রাজি হয়েছেন।”
নাজমা বেগম, লতা সাহা, বিলকিস বেগম, আলো আক্তারসহ কয়েকজন ভুক্তভোগী জানান, শাহবাগে পৌঁছে গাড়ি থেকে নামার পর স্থানীয় লোকজন তাদের মারধর করেন। পরে পুলিশ তাদের গাড়িগুলো ফিরিয়ে দিলে, তারা মানিকগঞ্জ চলে আসেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আমানুল্লাহ।
লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে সারাদেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা চালিয়েছে ‘অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নিয়ে শতাধিক বাস, পিকআপ, মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
বিভিন্ন এলাকা থেকে যারা আসনে তারা বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। তাদেরকে বলা হয় শাহবাগে সমাবেশ হবে, সেখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে ‘এক থেকে পাঁচ লাখ টাকা’ ঋণ দেওয়া হবে।
আরও পড়ুন:
