২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী শিশুটি পড়ে ছিল ঢাকা মেডিকেলের বাথরুমের সামনে

শিশুটিকে কেউ সেখানে ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

প্রতিবন্ধী শিশুটি পড়ে ছিল ঢাকা মেডিকেলের বাথরুমের সামনে

শিশুটি কথা বলতে পারে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 10:35 AM

Updated : 02 Feb 2023, 06:12 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনের নিচতলার একটি বাথরুমের সামনে থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবন্ধী শিশুটিকে কেউ সেখানে ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালের পুরনো ভবনের নিচতলায় ১১০ নম্বর ওয়ার্ডের পাশে বাথরুমের সামনে একটি টেবিলের ওপর শিশুটিকে কেউ রেখে যায়।

“শিশুটি কথাও বলতে পারে না। তার সাথে কোনো লোকজনও পাওয়া যায়নি।”

বুধবার সন্ধ্যার দিকে লোকজন বাথরুমে যাওয়ার পথে শিশুটিকে দেখে। প্রথমে কেউ কিছু মনে না করলেও দীর্ঘ সময় শিশুটিকে এক জায়গায় দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকি করে তারা বুঝতে পারেন, তার কোন স্বজন সেখানে নেই। পরে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানান তারা।

বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে তারাও শিশুটির কোনো স্বজনকে পাননি। শিশুটির বয়স আনুমানিক ৮-১০ বছর।

পরে বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হককে জানায় পুলিশ। পরিচালকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান সাড়ে ১০টার দিকে শিশুটিকে শিশু বিভাগের ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে নেন।

প্রাথমিক পরীক্ষার পর শিশু বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। সে শুধু প্রতিবন্ধিতার শিকার। যদি কোনো অসুস্থতা পাওয়া যায়, সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন।

এমন ক্ষেত্রে কী করা হয় জানতে চাইলে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “শিশুটির যদি অসুস্থতা না থাকে এবং তার কোনো স্বজনকে পাওয়া না যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানাকে জানিয়ে সমাজসেবা দপ্তরের মাধ্যমে তাকে শিশু আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে।”