২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরবে রোজা শুরু শনিবার থেকে

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

আরবে রোজা শুরু শনিবার থেকে
চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোজা শুরু হবে শনিবার থেকে। ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার শনিবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, বাহরাইনের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ায় শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনেইতে শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে দেশগুলোতে রোজা শুরু হবে বলে গালফ নিউজ জানিয়েছে।

বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে শনিবার সন্ধ্যায়; এদিন বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব বৈঠক হবে। সেখানে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

শনিবার বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ নম্বরে ফোন করে কিংবা ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোববার (২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা শনিবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।

আর শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে সোমবার থেকে এবং রোববার রাতে হবে প্রথম তারাবি, শেষ রাতে সেহরি খেতে হবে।

আরও পড়ুন-

বাংলাদেশে রোজা শুরু কবে, জানা যাবে শনিবার