১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘টেস্ট ড্রাইভের’ নামে গাড়ি ছিনতাই

“প্রায় পৌনে এক কোটি টাকা দামের গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা পুলিশ কাজ করছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

রাজধানীতে 'টেস্ট ড্রাইভ' এর নাম করে আবারো গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার রাতে ওই ছিনতাইয়ের ঘটনার পর রোববার শাহবাগ থানায় মামলা করেছেন মাশরুর নাঈর  নামের এক গাড়ি ব্যবসায়ী।  

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

“প্রায় পৌনে এক কোটি টাকা দামের গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা কাজ করছে।”

শাহবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, গাড়ি কেনার কথা বলে এক ব্যক্তি ব্যবসায়ী মাশরুর নাঈরের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই ব্যক্তি টোয়োটা হ্যারিয়ার গাড়িটি দেখতে পরিবাগে মাশরুর নাঈরের বাসায় যায়।

এক পর্যায়ে ক্রেতাবেশী সেই লোক টেস্ট ড্রাইভের (গাড়ি চালিয়ে দেখা) কথা বলে চাবি নিয়ে চালকের আসনে বসেন। আর মাশরুর নাঈরের এক আত্মীয় বসেন গাড়ির পেছনের আসনে। 

পরীবাগ মোড়ে যাওয়ার পর চালকের আসনে বসা ব্যক্তির পরিচিত আরো দুইজন গাড়িতে ওঠেন। এরপর তারা অস্ত্র ঠেকিয়ে গাড়ির মালিকের লোককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যান।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর গুলশান থেকে টেস্ট ড্রাইভের নামে কোটি টাকা দামের একটি গাড়ি ছিনতাই হয়। পরে পুলিশ এই গাড়িটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে।

পুরনো খবর

‘টেস্ট ড্রাইভের’ নামে কোটি টাকার ল্যান্ডক্রুজার নিয়ে পলায়ন, গ্রেপ্তার ১